চট্টগ্রাম–৪ আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলমের (৫৭) আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। খবর বাসসের।
আবেদনে বলা হয়েছে, দিদারুল আলম অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৯৮ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখায় দুদক মামলা দায়ের করে। আসামি একজন করদাতা। তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথির শুরু হতে ২০২৪–২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করতে সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (সার্কেল উপকমিশনার/সহকারী কমিশনার) জিম্মায় দেওয়া একান্ত প্রয়োজন।









