বাংলাদেশের নারী ফুটবলের প্রতিটি সাফল্যের সমার্থক নাম সাবিনা খাতুন। তার দাবির প্রেক্ষিতে নারী ফুটবলারদের জন্য মাঠের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার ঐতিহাসিক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে যখন সাবিনা খাতুন মঞ্চে দাঁড়ালেন, তার হাতে ছিল পূর্বপ্রস্তুত একটি লিখিত বক্তব্য। কিন্তু প্রধানমন্ত্রী তাকে থামিয়ে দিয়ে স্মিত হাস্যে অনুরোধ করেন, ‘স্ক্রিপ্ট দেখে নয়, নিজের মনের কথা বলো।’ প্রধানমন্ত্রীর এই আন্তরিক আহ্বানে সাবিনা লিখিত বক্তব্য সরিয়ে রেখে স্বতঃস্ফূর্তভাবে কথা বলা শুরু করেন, যা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। সাবিনা তার বক্তব্যে সামপ্রতিক সময়ে ফুটসালে বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরেন। তবে সেই সঙ্গে একটি সীমাবদ্ধতার কথাও অকপটে জানান। তিনি বলেন, ‘আমাদের স্পোর্টস অনেক এগিয়ে যাচ্ছে। আমরা ফুটসালে ভালো ফলাফল করছি, কিন্তু দেশে ভালো ফুটসাল গ্রাউন্ড নেই। আমাদের মেয়েদের জন্য একটি উন্নত মানের মাঠের ব্যবস্থা করে দিন। ’ সাবিনার এই দাবির পরপরই প্রধানমন্ত্রী পাশে থাকা ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলাপ করেন। সাবিনার বক্তব্য শেষ হওয়ামাত্রই প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, ‘সাবিনা, তোমার মাঠের দাবিটি নিয়ে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। মাঠ নির্বাচনের কাজ প্রায় শেষ পর্যায়ে। মেয়েরা যাতে স্বাচ্ছন্দ্যে অনুশীলন ও খেলাধুলা করতে পারে, সেই মাঠ এখন ‘অলমোস্ট ডান’ (প্রায় সম্পন্ন)।’ দেশের ক্রীড়া ইতিহাসে নারী খেলোয়াড়দের জন্য এমন সরাসরি প্রতিশ্রুতি এবং সরকারি বেতন কাঠামোর অন্তর্ভুক্তি এক নতুন দিগন্তের সূচনা করল।











