সাদা-কালো জার্সির নবজাগরণ ঘটাতে চায় মোহামেডান ব্লুজ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

একটা সময় ছিল যখন চট্টগ্রামের ফুটবলে কেবলই মোহামেডানের দাপট। দল, বল, ধার, ভার সবদিক থেকে মোহামেডান ছিল অপ্রতিরোধ্য। কিন্তু চট্টগ্রামের লিগ ছেড়ে বি লিগে খেলতে গিয়ে সেই যে হারিয়ে গেল মোহামেডান আর খুঁজে পাওয়া যায়নি। তারপরও চট্টগ্রামের লিগে মোহামেডান ব্লুজকে দিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করে সাদাকালো সমর্থকরা। চট্টগ্রামের প্রিমিয়ার লিগে মোহামেডান ব্লুজের শুরুটাও ছিল আশা জাগানিয়া। কিন্তু সময়ের পরিক্রমায় ক্রমশ ধুসর হতে থাকে সাদাকালো জার্সিটা। গত কয় বছরেতো রংই হারিয়ে ফেলেছে গৌরবের জার্সিটা। গত লিগে দশ দলের মধ্যে সপ্তম হয়েছিল মোহামেডান ব্লুজ।

অনেক সময় ধ্বংসস্তূপ থেকে নতুন কিছু সৃষ্টি হয়। আর তেমন কিছু সৃষ্টি করতে চায় মোহামেডান ব্লুজ। তাইতো এবারের ফুটবল লিগে নতুন উদ্যমে মাঠে নামতে যাচ্ছে মোহামেডান ব্লুজ। ঐতিহ্যবাহি ক্লাবটি নতুন করেই যেন সাজাতে যাচ্ছে সবকিছু। এরই মধ্যে ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেককে সভাপতি করে ক্লাবের নতুন কমিটি করা হয়েছে। শুধু তাই নয় এরই মধ্যে দলটির ফুটবল কমিটিও গঠন করে ফেলেছে। যেখানে চেয়ারম্যান করা হয়েছে পেনিনসুলা গ্রুপের সচিব নুরুল আজিমকে। সম্পাদক করা হয়েছে আইনুল কবির জিতুকে। ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেনকে। গতকাল ক্লাবের ফুটবল কমিটির পরিচিতি সভা করা হয় নগরীর একটি হোটেলে। সভায় এবারের ফুটবল লিগে একটি ভালো দল নিয়ে মাঠে নামার সব ধরনের প্রস্তুতি গ্রহনের কথা জানানো হয়। যদিও এখন চট্টগ্রামের লিগে ভালো মানের ফুটবলার পাওয়াটা বেশ কঠিন হযে দাড়িয়েছে। তার উপর চট্টগ্রাম লিগ চলাকালে একই সাথে চলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগও। তাই ঢাকার ফুটবলার পাওয়াটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারপরও দলের কোচ এবং কর্মকর্তারা চেষ্টা করেছে একটি ভালো দল মাঠে নামাতে। শুধু মাঠে নেমেই ক্ষান্ত হতে চায় না মোহামেডান ব্লুজ। শিরোপা জেতার জন্য সর্বশক্তি নিয়োগ করারও প্রত্যয় ঘোষনা করেন কর্মকর্তারা।

মাঠে এবং মাঠের বাইরে সরব থাকারও কথা বলেন কর্মকর্তারা। মোহামেডানের বিশাল যে সমর্থক গোষ্ঠী রয়েছে তাদেরকে সংগঠিত করারও সিদ্ধান্ত হয়। সব মিলিয়ে নতুন করেই যেন যাত্রা শুরু করতে চাইছে চট্টগ্রামের সাদাকালো শিবির। গতকালের পরিচিত সভাটি মূলত মোহামেডানের নব জাগরণের নতুন মিশনে পরিনত হয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামিম জানান ক্রীড়াঙ্গনে এখনকার পরিস্থিতি আর আগেকার পরিস্থিতি মোটেও এক নয়। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সবকিছু নিজেদের পছন্দ মত করা যায় না। তবে মনে রাখতে হবে মোহামেডান একটি ঐতিহ্যবাহি দল। এই দলের ঐতিহ্য ধরে রাখতে হবে। মোহামেডান ব্লুজের সভাপতি আবদুল বারেক জানান তারা সবকিছু নতুন করে শুরু করতে চান। আসন্ন ফুটবল লিগে তাদের লক্ষ্য শিরোপা জেতা। আর সে লক্ষ্যে তারা মাঠে নামবে। ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান নুরুল আজিম মনে করেন মোহামেডান ব্লুজ একটি ঐতিহবাহি ক্লাব। আর এই ক্লাবের সম্মান রক্ষা করা আমাদের প্রধান কাজ। আর আমরা সেভাবেই মাঠে নামব। তার আগে লিগের খেলোয়াড়দের দলবদলে সরব উপস্থিতির সিদ্ধান্তের কথা জানান। পরিচিতি অনুষ্ঠানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অতিরিক্ত সাধারন সম্পাদক মোহাম্মদ ইউসুফ, দলের উপদেষ্টা কোচ নজরুল ইসলাম লেদু, ক্লাবের যুগ্ম সম্পাদক জহির আহমেদ চৌধুরী, ফুটবল সম্পাদক আইনুল কবির জিতু বক্তব্য রাখেন। এছাড়া ক্লাবের কর্মকর্তা মাসুদুর রহমান, আবু মোরশেদ, আবু সৈয়দ মামুদ সহ ফুটবল কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচুমু বিতর্কে স্প্যানিশ ফুটবল প্রধানকে নিষিদ্ধ করলো ফিফা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ভেটারেন ফুটবল টুর্নামেন্টে চকবাজার একাদশ চ্যাম্পিয়ন