সাত সপ্তাহ পর দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা আবার ৫শ ছাড়িয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছাড়িয়েছে ১২ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৫২৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়নি কারও। এর আগে সর্বশেষ ২৮ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল। সেদিন ৬১৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। খবর বিডিনিউজের।
নতুন শনাক্ত রোগীদের ৪৫০ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৩৬ জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। গত কয়েক দিন ধরেই সংক্রমণ বাড়তে থাকায় মাস্ক পরা, টিকা নেয়াসহ পাঁচটি সুপারিশ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি।
এর মধ্যে গত ২৪ ঘন্টায় শনাক্তের হার আরও বেড়ে ১২ দশমিক ৭২ শতাংশে দাঁড়িয়েছে, যা ১৬ জুলাইয়ের পর সর্বোচ্চ। সেদিন শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৭০ শতাংশ । গত শনিবারও শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ ছিল।
নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৭ হাজার ৬১৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৩৩৯ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৮৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬০ হাজার ৬১৫ জন।













