রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাসের মেয়েকে আছড়ে হত্যার মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। গতকাল শনিবার মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মেহেদী হাসান ফয়সাল তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার আসামির উপস্থিতিতে এ বিষয়ে আগামী মঙ্গলবার শুনানির দিন রেখেছেন বলে তথ্য দেন প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন। খবর বিডিনিউজের।
স্ত্রী লিমা আক্তারের সঙ্গে ঝগড়া করে সাত মাস বয়সী রাফা মনি কবিতাকে বুধবার সন্ধ্যায় আছড়ে হত্যা করে তার বাবা কবির ইসলাম। এ সময় প্রতিবেশীরা তাকে পুলিশের হাতে সোপর্দ করে। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। ওইদিনই ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কবিরকে আদালতে হাজির করে তুরাগ থানা পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। রাফা মনিকে হত্যার ঘটনায় শুক্রবার তুরাগ থানায় কবিরকে আসামি করে মামলা করেন শিশুটির নানি সারমীন আক্তার। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করল পুলিশ।












