সাত বছর পর একসঙ্গে ঈদের একটি নাটকে অভিনয় করেছেন দীপা খন্দকার ও রিচি সোলায়মান। নাটকের নাম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে সপ্তহের শুরুতে; এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। বিজ্ঞপ্তিতে নির্মাতা জানিয়েছেন, ঈদে একটি বেসরকারি টেলিভিশন স্টেশনে প্রচার হবে নাটকটি।
দীপা ও রিচি সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১৮ সালে বিজয় দিবসের নাটক ‘চোখের জলে’তে, সেই নাটকের পরিচালক ছিলেন চয়নিকা। এই পরিচালক জানিয়েছেন, গল্পের প্রয়োজনে দীপা ও রিচিকে নেওয়া হয়েছে। দুটি চরিত্র এমন, যেগুলোর জন্য তাদের দুজনকেই উপযুক্ত মনে হয়েছে। তাদের সঙ্গে আমার বোঝাপড়া দীর্ঘদিনের। একটি ভালো কাজের জন্য শিল্পী–পরিচালকের পারস্পরিক আস্থা খুব গুরুত্বপূর্ণ। রিচির সঙ্গে দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করা নিয়ে দীপা খন্দকার বলেন, আমার আর রিচির খুব বেশি নাটকে একসঙ্গে কাজ করা হয়নি। সর্বশেষ কাজটিও ছিল চয়নিকা দিদির পরিচালনায়। সাত বছর আগে সেই শুটিং হয়েছিল। তবে এবারের কাজটির বিশেষ দিক হচ্ছে আমরা যাদের সঙ্গে শুরুতে কাজ করেছি, তাদের অনেকেই এই নাটকে আছেন।
বলা যায়, আমাদের প্রজন্মের সমসাময়িক ও জ্যেষ্ঠ শিল্পীদের একধরনের পুনর্মিলন ঘটেছে। কাজের ফাঁকে গল্প–আড্ডায় সময় কেটেছে দারুণ। নাটকের গল্প নিয়ে দীপা বলেন, এটি প্রেমের গল্প, আবেগ আর সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন আছে এই নাটকে। ‘ভালোবাসার অন্য নাম তুমি’ নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফিন মাহমুদ। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও ডলি জহুর।











