সাতকানিয়ায় এলাকায় আধিপত্য বিস্তার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে পুরানগড় ইউনিয়নের ফকিরখীলের কুমার পাড়া ও ধলির গোপাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহতরা হলেন জসিম উদ্দিন (৫২), মোহাম্মদ টিপু (৩৫), মোহাম্মদ সাকিব (২৮), মোহাম্মদ আলম (৪০) ও রবিউল ইসলাম (৩০)।
এলাকাবাসী জানান, পুরানগড় ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিন ও মোহাম্মদ সাকিবের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি সাকিবসহ কয়েকজন এক যুবকের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বিষয়টি জসিমকে জানানো হলে তিনি ভুক্তভোগীকে থানা পুলিশের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়। পরে জসিম ফকিরখীল গ্রামের একটি মিষ্টির দোকানে কার্টুনের জন্য গেলে হেনস্তার শিকার হন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে জসিমের অনুসারী কয়েকজন ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধারের জন্য কুমার পাড়া এলাকায় যায়। সেখানে সাকিব দলবল নিয়ে তাদের উপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিষয়টি জানার পর রাত ১১টার দিকে জসিমসহ কয়েকজন সিএনজি টেঙি যোগে ধলির গোপাট এলাকায় পৌঁছালে উভয় পক্ষের মধ্যে ফের সংঘর্ষ হয়। এতে জসিম ও সাকিবসহ কয়েকজন আহত হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।













