সাতকানিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক দোকান কর্মচারী গুরুতর আহত হয়েছে। আহতের নাম মোঃ রাজিবুর রহমান সাগর (২১)। গত শনিবার রাতে উপজেলার ছদাহা ফজুর পাড়ার তিন রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাগর কেঁওচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়া পাড়ার মাহামুদুর রহমানের পুত্র। এদিকে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আনোয়ার হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে। সাগর বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, রাজিবুর রহমান সাগরকে ছুরিকাঘাত করার ঘটনায় তার মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার দিন রাতেই এ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে গতকাল রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।











