সাতকানিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মাদার্শা ইউনিয়নের জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম–১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের প্রধান নির্বাচনী সমন্বয়ক আসহাব উদ্দিন চৌধুরী জানান, মাদার্শা ইউনিয়নের জয়নগরের মাঝের পাড়ায় থাকা ধানের শীষের নির্বাচনী ক্যাম্পটি দলীয় কর্মী সমর্থকরা অন্যান্য দিনের মতো ঘটনার দিন রাতেও বন্ধ করে চলে যায়। রাত ২টা থেকে ৩ টার মধ্যে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এসময় ক্যাম্পের কিছু অংশ পুড়ে যায়। এছাড়া ক্যাম্পে থাকা আসবাবপত্র ও নির্বাচনী বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে আমরা লিখিতভাবে অভিযোগ প্রদান করেছি। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানান, তারা এখনো লিখিতভাবে অভিযোগ দেয়নি। হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়েছে। কারা আগুন লাগিয়েছে তা কেউ দেখেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।












