সাতকানিয়ায় ট্রাক চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহতের নাম মো. খোরশেদ রাব্বি (২৬)। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের আন্ধারমার দরগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ রাব্বি শেরপুরের নালিতাবাড়ির নিলামপট্টির ফজলুর রহমানের পুত্র ও আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার রাতে রাব্বিসহ চার বন্ধু মিলে একটি মাইক্রোবাসযোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। গতকাল বুধবার সকাল ৮টার দিকে তাদের মাইক্রোবাসটি সাতকানিয়ার আন্ধারমার দরগাহ এলাকায় মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাব্বি মাইক্রোবাসের সামনের সিট থেকে পেছনের সিটে বসার জন্য গাড়ি থেকে সড়কে নামেন।
এমন সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি দ্রুতগামী ট্রাক রাব্বিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার এসআই রুহুল আমিন জানান, দ্রুতগামী একটি ট্রাক চাপায় খোরশেদ রাব্বি নামক এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।












