সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে অস্ত্র ও হাতবোমা, তার দুই ভাই গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজের বাড়ি থেকে অস্ত্র, গুলি ও হাতবোমা উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় ওই ছাত্রদল নেতার দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মফিজুর রহমান (৩৫) ও মো. জুবায়ের করিম (২৮)। গতকাল রোববার বিকালে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকির হাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও হাতবোমা উদ্ধার এবং তাদের গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা একরাম চৌধুরীর বাড়ি এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে বস্তায় লুকিয়ে রাখা অবস্থায় একটি অস্ত্র, দুটি গুলি ও দুটি হাতবোমা উদ্ধার করা হয়। এ সময় ছাত্রদল নেতা মো. ফিরোজের দুই ভাই মফিজুর রহমান ও জুবায়ের করিমকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় ছাত্রদল নেতা মোহাম্মদ ফিরোজ বাড়িতে ছিলেন না।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ছাত্রদল নেতা মো. ফিরোজকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সাতকানিয়া থানার ওসি মন্‌জুরুল হক জানান, কাঞ্চনা এলাকা থেকে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদেরকে আজ সোমবার আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার
পরবর্তী নিবন্ধনগরে ১১ দলের উদ্যোগে গণভোটে হ্যাঁ’র পক্ষে রোড শো