সাতকানিয়ায় গভীর রাতে আবাদি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান

৭টি স্কেভেটর বিকল, ডাম্পার ট্রাক ও স্কেভেটর জব্দ

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ১ মার্চ, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় রাতের আঁধারে অবৈধভাবে আবাদি জমির মাটি কাটার সময় ৭টি স্কেভেটর বিকল করে দেয়া হয়েছে। জব্দ করা হয়েছে ১টি স্কেভেটর ও ১টি ডাম্পার ট্রাক। এছাড়া প্রশাসনের অভিযানের তথ্য মাটি বিক্রেতাদের নিকট পাচার করায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত ১২ টা থেকে ৩ টা পর্যন্ত সময়ে উপজেলার নলুয়া ও ঢেমশা ইউনিয়নের নয়াখাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

জানা যায়, রাতের আঁধারে অবৈধভাবে স্কেভেটর দিয়ে আবাদি জমির মাটি কাটার বিষয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট সাদ মো. শামস উদ্দিনের সহায়তায় সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি বুঝতে পেরে মাটি বিক্রেতা ও সংশ্লিষ্টরা পালিয়ে যায়। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত ৭টি স্কেভেটর বিকল করে দেয়া হয়। ১টি স্কেভেটর ও ১টি ট্রাক জব্দ করা হয়।

এছাড়া অভিযানের তথ্য পাচার করায় দুই জনকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, অভিযানের বিষয়ে টের পেয়ে মাটি খেকোরা দ্রুত পালিয়ে যায়। মাটি কাটার কাজে ব্যবহৃত ৭টি স্কেভেটর বিকল করে দেয়া হয়েছে। জব্দ করা হয়েছে ১টি ডাম্পার ট্রাক ও ১টি স্কেভেটর। এছাড়া অভিযানের তথ্য পাচার করার অপরাধে ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন নবজাতকের জন্ম
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের বিশেষ সাধারণ সভা