সাতকানিয়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর আয়েজুর রহমান আরাফ (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি কাটাখালী খাল থেকে ডুবুরি দল শিশুটির লাশ উদ্ধার করে। মৃত আরাফ চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি পশ্চিম পাড়ার নুরুল আবছারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে আরাফসহ তিন শিশু কাটাখালী খালে গোসল করতে নামে। এ সময় খালের জোয়ারের পানিতে তলিয়ে যায় আরাফ। সঙ্গে থাকা অন্য দুই শিশু দ্রুত বাড়িতে খবর দিলে স্থানীয় লোকজন খালে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে খালে অতিরিক্ত পানি থাকায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল সেখানে পাঠানো হয়। দীর্ঘক্ষণ চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ডুবন্ত অবস্থায় আরাফের লাশ উদ্ধার করা হয়।
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আবদুস ছবুর বলেন, শিশুটি যখন গোসল করতে নামে, তখন খালে জোয়ার ছিল। জোয়ারের তোড়ে সে তলিয়ে যায়। পানির গভীরতা বেশি হওয়ায় আগ্রাবাদ থেকে ডুবুরি দল এনে দুই দফায় উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধার শেষে শিশুটির লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।











