সাতকানিয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের পাঠানিপুল সংলগ্ন এনবিএম ইটভাটার পূর্ব পাশে একটি খালের ওপর থাকা কাঠের সেতু থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এনবিএম ইটভাটার পূর্ব পাশ ঘেঁষে বয়ে যাওয়া খালের ওপর নির্মিত কাঠের সেতুর পশ্চিম প্রান্তে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি সাতকানিয়া থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাতকানিয়া থানার এসআই মো. জহির আমিন জানান, উদ্ধার হওয়া ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।














