সাতকানিয়ায় পাহাড় খেকো ইটভাটা মালিকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত রাস্তা কেটে দেয়া হয়েছে। এছাড়া পাহাড়ের মাটি দিয়ে তৈরিকৃত বিপুল সংখ্যক ইট ধ্বংস করে দেয়া হয়। গতকাল শনিবার বিকালে উপজেলার এওচিয়ার চূড়ামনি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
জানা যায়, এওচিয়ার চূড়ামনি এলাকায় কেবি–থ্রি, এবিসি ও বিবিসিসহ কয়েকটি ইটভাটার মালিক দীর্ঘদিন ধরে পাহাড় কেটে ইট তৈরির কাজে ব্যবহার করে আসছিল। পাহাড় খেকো ইটভাটা মালিকরা ইতিপূর্বে বেশ কয়েকটি আস্ত পাহাড় গিলে ফেলেছে। খবর পেয়ে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান সেনাবাহিনী, আনসার ও ফায়ার সার্ভিস কর্মীদেরকে সাথে নিয়ে গতকাল সেখানে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে ইটভাটার মালিক ও ম্যানেজাররা পালিয়ে যায়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বিবিসি ইটভাটার বিপুল সংখ্যক কাচা ইট স্কেভেটর দিয়ে এবং দমকল বাহিনীর সাহায্যে পানি নিক্ষেপ করে ধ্বংস করে দেয়া হয়।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, চূড়ামনি এলাকায় পাহাড় কেটে মাটি ইট তৈরির কাজে ব্যবহার করার বিষয়ে খবর পেয়ে আমরা সেখানে অভিযানে যাই। অভিযানে বিষয়টি বুঝতে পেরে ভাটার মালিক ও দায়িত্বশীল কর্মচারীরা পালিয়ে যায়। এসময় ইটভাটাগুলোতে পাহাড় কেটে তৈরি করা মাটি পরিবহনের রাস্তাটি কেটে দেয়া হয়। এছাড়া একটি ভাটায় পাহাড়ের মাটি দিয়ে তৈরিকৃত বেশকিছু কাচা ইট স্কেভেটর দিয়ে ও পানি নিক্ষেপ করে ধ্বংস করে দেয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।












