সাঙ্গুতে বিষ প্রয়োগ করে মাছ শিকার, ৩ জনকে আটক করে গণপিটুনি

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় সাঙ্গুনদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় ৩ জনকে আটক করে গণপিটুনির পর পুলিশের নিকট সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় তাদের কাছ থেকে ছোটবড় চিংড়িসহ বিভিন্ন প্রজাতির ১০ কেজি মাছ ও ২টি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। পরে আটককৃত প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সাঙ্গুনদীর সাতকানিয়ার আমিলাইষ এলাকা থেকে আটক করা হয়।

জানা যায়, ঘটনার দিন ভোরে কয়েকজন মিলে সাঙ্গুনদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিল। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন তাদেরকে ধাওয়া করে। তখন তারা পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে আমিলাইষ এলাকা থেকে তাদেরকে আটক করে গণপিটুনির পর জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেয়। পরে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদেরকে উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট নিয়ে আসে। আটককৃতরা হলো হাবিবুর রহমান (৫৫), নুরুল হক (৩১) ও জাহাঙ্গীর আলম (৪০)। থানার অফিসার ইনচার্জ মন্‌জুরুল হক জানান, নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় জনতার হাতে আটককৃতদেরকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। এসময় তাদের কাছ থেকে ছোটবড় চিংড়িসহ বিভিন্ন প্রজাতির ১০ কেজি মাছ ও ২টি বিষের বোতল উদ্ধার করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান জানান, সাঙ্গুনদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় ধাওয়া করে ৩ জনকে আটক করে স্থানীয় জনতা। তাদের কাছ থেকে ১০ কেজি মাছ উদ্ধার করা হয়। আটককৃতদেরকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান।

তিনি আরো জানান, আটককৃতরা পেশাদার জেলে নয়। মূলত: তারা কৃষি কাজ করে। মাঝে মধ্যে নদীতে মাছ শিকার করে। ঘটনার দিন বিষ প্রয়োগ করে মাছ শিকারের কথা তারা স্বীকার করেছে।

পূর্ববর্তী নিবন্ধমাটি কাটা বন্ধ করতে কেটে দিয়েছে কৃত্রিম বাঁধ
পরবর্তী নিবন্ধনিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের শিশুদের বিশেষজ্ঞ স্বাস্থ্য ক্যাম্প