সাগরিকায় ১০ তলা বিশেষায়িত হাসপাতালের নির্মাণকাজ শীঘ্রই

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগ ম পাশে হবে নার্সিং ইনস্টিটিউট

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ নভেম্বর, ২০২৫ at ১১:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন বড় ধরনের উদ্যোগ নিয়েছে। নগরীর সাগরিকা এলাকায় ১০ তলা একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কাজ অচিরেই শুরু হচ্ছে। হৃদরোগীদের চিকিৎসার পাশাপাশি এই হাসপাতালের পাশে একটি নার্সিং ইনস্টিটিউটও গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার হার্ট ফাউন্ডেশনের সভায় পুরো প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সূত্রে জানা যায়, নগরীর সাগরিকা বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনকে ৫২ শতক জায়গা প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৬ শতক জায়গা হার্ট ফাউন্ডেশনকে বুঝিয়ে দেয়া হয়েছে। বাকিটা বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে। হার্ট ফাউন্ডেশন আপাতত ২৬ শতক জায়গায় একটি দশ তলা ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। ওখানে প্রতি ফ্লোরে ১০ হাজার বর্গফুট স্পেস থাকবে। এক লাখ বর্গফুট আয়তনের এই ভবনে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সকালে নগরীর গোলপাহাড় মোড়ে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে বিল্ডিং ডেভেলপমেন্ট সাবকমিটির প্রথম সভা কার্যনির্বাহী কমিটির ট্রেজারার ও বিল্ডিং ডেভেলপমেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ জাহেদুল হক, সাকিফ আহমেদ সালাম ও শফিকুল ইসলাম চৌধুরী। সভায় সম্মানিত অতিথি ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর।

সভায় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ভবন নির্মাণের ব্যাপারে বিস্তারিত আলোচনা শেষে দশতলা একটি ভবনের নির্মাণকাজ আগামী মাসের মধ্যে শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, আমরা ইতোমধ্যে বাজেট তৈরি করেছি। এই ভবন নির্মাণের প্রয়োজনীয় অর্থের সংস্থানের উদ্যোগ নিয়েছি। চট্টগ্রামের মানুষের কাছে বিশেষায়িত এই হাসপাতালটি যাতে হৃদরোগের ভরসার জায়গা হয়ে ওঠে, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে। তিনি এই উদ্যোগে সকলের সহায়তা চেয়েছেন।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ট্রেজারার এবং বিল্ডিং নির্মাণ কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বলেন, আমরা হৃদরোগের পূর্ণাঙ্গ একটি হাসপাতাল তৈরি করতে চাই, যাতে একই ছাদের নিচে হৃদরোগের সব চিকিৎসা পাওয়া যায়। চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন এখনো হৃদরোগীদের চিকিৎসা করছে। কিন্তু আমরা এটিকে আরো বহুদূর নিয়ে যেতে চাই। তিনি বলেন, হাসপাতালের পাশাপাশি ওখানে একটি নার্সিং ইনস্টিটিউটও গড়ে তুলব।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের মহাসচিব ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ বলেন, হৃদরোগের চিকিৎসা ব্যয়বহুল। এই চিকিৎসা যাতে চট্টগ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায় আমরা সেই চেষ্টা করছি। আমরা চট্টগ্রামের হৃদরোগীদের জন্য এমন একটি হাসপাতাল গড়ে তুলতে চাই, যেখানে মানুষ বিশ্বমানের চিকিৎসাসেবা পেতে পারেন। চট্টগ্রামের মানুষকে হৃদরোগের চিকিৎসার জন্য যাতে আর দেশের বাইরে যেতে না হয়, সেজন্যই এই উদ্যোগ।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়ার রাষ্ট্রদূতের সিএসই পরিদর্শন
পরবর্তী নিবন্ধঅ্যারোস্পেস সায়েন্সে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে