নগরের সাগরিকায় একটি মাছ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানের কোল্ড স্টোরেজে (হিমাগার) আগুন লেগে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বিডি সি–ফুড নামে প্রতিষ্ঠানটির ৩ নম্বর কোল্ড স্টোরেজে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুন লাগে। এ সময় ওই কোল্ড স্টোরেজে ৫০০ মেট্রিক টন প্রক্রিয়াজাত করা চিংড়ি মাছ মজুদ ছিল। আগুন লাগার খবর পেয়ে বেলা ১১টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। দেড় ঘণ্টার চেষ্টায় ১টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এরপর সেখানে ধোঁয়া এবং কোল্ড স্টোরেজের ঠান্ডা কমাতে কাজ করেন দমকলকর্মীরা। পরে বিকাল সাড়ে ৪টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ ঘোষণা করে ফায়ার সার্ভিস।
কোল্ড স্টোরেজটির কর্মকর্তা–কর্মচারীরা জানিয়েছেন, শুরুতে কারখানার লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। একই সময় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। কোল্ড স্টোরেজের ভেতর আগুন ছড়িয়ে পড়লে কর্মচারীরা দ্রুত বাইরে বেরিয়ে আসায় কেউ হতাহত হননি। এছাড়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে ব্যবস্থা নেওয়ায় আগুন আশেপাশে ছড়িয়ে পড়েনি।
ফায়ার সার্ভিসের উপ–পরিচালক মো. জসীম উদ্দিন আজাদীকে বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতি ও উদ্ধার তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে কোল্ড স্টেরেজে প্রসেসিং করা মাছ ছিল, কার্টন ছিল। সেগুলোর ক্ষতি হয়েছে। এছাড়া এসি, বিভিন্ন মেটেরিয়ালের ক্ষতি হয়েছে।
এর আগে দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি স্টোরেজের তাপমাত্রা স্বাভাবিক করতে কাজ চলছে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন, মাছের কার্টন সরানো, ধোঁয়া অপসারণ এবং কোল্ড স্টোরেজের ঠান্ডার মাত্রা কমানো।
এদিকে বিডি সি ফুড সূত্রে জানা গেছে, যে ৩ নম্বর কোল্ড স্টোরেজে আগুন লাগে সেটি প্রায় ৮০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন ছিল। অগ্নিকাণ্ডের সময় ধারণ ক্ষমতার পুরোটায় মাছ ছিল। এর মধ্যে ৫০০ মেট্রিক টন প্রক্রিয়াজাত করা চিংড়ি মাছ ছিল।
প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের ম্যানেজার নেয়ামত উল্লাহ বশীর ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ৩ নম্বর কোল্ড স্টোরেজে আগুন লাগে। এটাই অগ্নিকাণ্ডের উৎপত্তিস্থল। শ্রমিরা নিরাপদে আছেন, কেউ হতাহত হয়নি। কোল্ড স্টোরেজ ধারণক্ষমতার পুরোটায় ভর্তি ছিল।
আকবরশাহ’য় পুড়ল কাঁচা বসতঘর : নগরের আকবরশাহ থানার জাকির হোসেন সড়কের রেললাইন এলাকার একাধিক কক্ষবিশিষ্ট একটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। গতকাল রাত পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, ৭টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।












