নগরীর বন্দর থানাধীন আনন্দবাজার সাগর পাড় থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
বন্দর থানার ওসি নিজামউদ্দিন বলেন, যুবকটির বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে রয়েছে বেগুনি রঙের ফুলহাতা শার্ট ও লুঙ্গি। তবে লাশটি সাগরের পানিতে ভেসে এসেছে নাকি ঘটনাস্থলে খুন করে ফেলে রাখা হয়েছে-তা নিশ্চিত করতে পারেনি পুলিশ সদস্যরা।
ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় যুবকটিকে গলা কেটে খুন করা হয়েছে। এরপর লাশ সাগরের তীরে ফেলে দেওয়া হয়। ওসি নিজামউদ্দিন বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিএমপি, পিবিআই এবং সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিচয় শনাক্ত করতে ওই যুবকের আঙ্গুলের ছাপ নেয়া হয়েছে বলে জানান ওসি।











