সাউদার্ন ভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার

| শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৮:৪৬ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স, ইইই ও ইসিই বিভাগের উদ্যোগে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স: ক্রিয়েটিং এ ১০এক্স মাইন্ড ফর এ ১০এক্স ইকোনমি’ বিষয়ক সেমিনার গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য (ভারপ্রাপ্ত) .শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রেসিডেন্ট অধ্যাপক মুনির হাসান। বিশেষ অতিথি ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান। বক্তব্য রাখেন রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, অধ্যাপক আশুতোষ নাথ। উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষাথীরা। মূল বক্তব্যে প্রধান আলোচক মুনির হাসান বলেন, আমাদের চিন্তাশীল মানুষের প্রয়োজন যারা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে ভাববে এবং প্রযুক্তির সহায়তায় এগিয়ে যাবে। আমাদের মাথা আছে তবে তা আমরা প্রযুক্তির উন্নয়নে কাজে না লাগিয়ে গতানুগতিক ধারায় ব্যবহার করি। বর্তমান যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। দূরদর্শী চিন্তাবিদরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রতিযোগী নয়, বরং সুবিধা অর্জনের হাতিয়ার মনে করে। সুতরাং প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে হলে আমাদের এসব প্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র উত্তর জানার পেছনে না ছুটে বেশি বেশি প্রশ্ন করা শিখতে হবে। একই সুযোগ সুবিধা পেয়েও সবাই একই স্থানে যেতে পারে না, যার চিন্তা চেতনা যত পরিপক্ক সে তত বেশি এগিয়ে থাকবে। সময়ের সঠিক ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় বিভিন্ন ধরেন ওয়েবসাইট তৈরি, ডিজাইন বানানো , রিসার্চসহ বিভিন্ন কাজ দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব, সুতরাং প্রযুক্তির এই সব সুযোগ সুবিধা কাজে না লাগালে আমাদের দেশ পিছিয়ে যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘সবুজ সমাবেশ’
পরবর্তী নিবন্ধজুলাই সনদের সাংবিধানিক মর্যাদা নিশ্চিত করুন