সাউদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে ইংরেজি বিভাগের বার্ষিক ক্রিকেট আসর ‘ইন্ট্রা ডিপার্টমেন্ট ক্রিকেট ফেস্ট ২০২৬’। সোমবার দিনভর ব্যাট–বলের রোমাঞ্চকর লড়াই শেষে ছেলেদের বিভাগে ‘ইংলিশ এলিট’ এবং মেয়েদের বিভাগে ‘ক্যান্টারবারি নাইটস’ শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে। এবারের আসরের প্রধান আকর্ষণ ছিল পেশাদার লিগের আদলে আয়োজিত জমকালো ‘প্লেয়ারস অকশন’। এই ব্যতিক্রমী আয়োজনে ইংরেজি বিভাগের প্রত্যেক শিক্ষক একেকটি দলের মালিক হিসেবে যুক্ত হয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেন। সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর, ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক ও রেজিস্ট্রার এ এফ এম মোদাস্সের আলী। মাঠের লড়াইয়ে ছেলেদের ৬টি ও মেয়েদের ৪টি দল অংশ নেয়। ফ্লাড লাইটের আলোতে ছেলেদের শ্বাসরুদ্ধকর ফাইনালে রানার–আপ ইংলিশ সুপার কিংসকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ইংলিশ এলিট।
অন্যদিকে, মেয়েদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ইংলিশ এলিটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ক্যান্টারবারি নাইটস। ব্যক্তিগত নৈপুণ্যে ছেলেদের বিভাগে সেরা ব্যাটার হন রোহান এবং সেরা বোলার ও আসর সেরা নির্বাচিত হন জিসান। মেয়েদের বিভাগে সেরা ব্যাটার ও আসর সেরা হন আফরোজা এবং সেরা বোলার হন রাফা। সহকারি পরিচালক (স্পোর্টস) সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় ও ইংরেজি বিভাগের প্রধান আরমান হোসাইনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন সাউদার্ন ইউনিভার্সিটি সেন্ট্রাল এলামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ–সভাপতি মো. ওমর ফারুক।











