সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর বাংলাদেশসহ গ্রুপের আরেক দল নেপালের পয়েন্টও সমান হয়ে যায়। তবে সেট ব্যবধানে এগিয়ে থাকে বাংলাদেশ। তাতে করে সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হয় বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ বালক দল। অর্জন করে নেয় আইটিটিএফ–এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতাও। ভারতের হিমাচল প্রদেশের শিমলায় গতকাল বৃহস্পতিবার এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শ্রীলঙ্কাকে ৩–১ সেটে হারায় বাংলাদেশ। তাতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল–তিনটি দলের পয়েন্ট হয় সমান ৫ করে। সেট ব্যবধানে এগিয়ে থেকে সোনা জিতে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ভিয়ানদুয়া আকাইনের কাছে ২–৩ গেমে হেরে যান দলের হয়ে খেলা বিকেএসপির আবুল হাসেম হাসিব। নাফিজ ইকবাল ৩–০ গেমে দানুক লামাসুরিয়াকে হারালে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এরপর জয় ইসলাম ৩–০ ব্যবধানে মুনাসিংহা হারিনের বিপক্ষে জিতে এগিয়ে নেন দলকে। শেষ ম্যাচে অধিনায়ক নাসিফ ইকবাল ৩–১ গেমে ভিয়ানদুয়া আকাইনকে হারান। এই সাফল্যের ফলে আগামী ২১–২৭ জুন ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিতব্য আইটিটিএফ–এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। ২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান জুনিয়রে অনুর্ধ্ব–১৯ বালক বিভাগে সোনা জিতেছিল বাংলাদেশ। সেবার দলের হয়ে খেলেন মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিম লিয়ন বম, নাফিজ ইকবাল এবং আবুল হাসেম হাসিব।
২০২৩ সালে ভারতের অরুণাচল এবং ২০২৪ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে বাংলাদেশ রুপা পেয়েছিল। সবশেষ গতবছর নেপালের কাঠমান্ডুতে ব্রোঞ্জ পেয়েছিল দল। অন্যদিকে, অনূর্ধ্ব–১৫ বালক দল নেপালকে ৩–১ এবং মালদ্বীপকে ৩–০ সেটে হারালেও শ্রীলঙ্কার কাছে ০–৩ সেটে পরাজিত হয়েছে। তাদের সামনে শক্তিশালী ভারতের বিপক্ষে শেষ ম্যাচ বাকি রয়েছে। অনূর্ধ্ব–১৯ বালিকা দল মালদ্বীপ (১–৩), নেপাল (০–৩) ও শ্রীলঙ্কার (১–৩) বিপক্ষে তিনটি ম্যাচেই হেরে গেছে। তাদের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। অনূর্ধ্ব–১৫ বালিকা দল শ্রীলঙ্কার কাছে ০–৩ এবং নেপালের কাছে ২–৩ সেটে হেরে গেছে। তাদের সামনে মালদ্বীপ ও ভারতের বিপক্ষে দুটি ম্যাচ বাকি। গত বছর এই প্রতিযোগিতায় বাংলাদেশ ৭টি ব্রোঞ্জ পদক অর্জন করেছিল। আজ শুক্র ও আগামীকাল শনিবার প্রতিযোগিতার একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে।














