সাংবাদিক-ভোটাররা কেন্দ্রে মোবাইল নিতে পারবেন, গোপন কক্ষে নয় : ইসি

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটার, প্রার্থী, তাদের এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে গোপন কক্ষে, যেখানে ব্যালটে সিল দেওয়া হয়, সেখানে কোনো ছবি তোলা যাবে না।

গতকাল সোমবার নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহারে যে সীমাবদ্ধতার কথা বলা হয়েছিল, সেটি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছিল। বিষয়টি পরিষ্কার করতেই পরিপত্র সংশোধন করা হচ্ছে। খবর বাংলানিউজের।

তিনি জানান, কিছু ক্ষেত্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে। পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে মোবাইল রাখা যাবে না। এ বিষয়টি ‘ফিল্টার’ করে চূড়ান্ত নির্দেশনা দেওয়া হবে।

আখতার আহমেদ বলেন, ভোটার ও সংবাদকর্মীদের মূল প্রশ্ন ছিল, তারা মোবাইল নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা? এ বিষয়ে কমিশনের অবস্থান স্পষ্ট, তারা মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তবে গোপন কক্ষে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি বলেন, মঙ্গলবার (আজ) সকাল সাড়ে সাতটার পর থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ। বড় আকারের মিছিল, সভা ও শোডাউন বন্ধ থাকবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা বন্ধ রাখতে মনিটরিং করা হবে। এ জন্য কমিশনের একটি আলাদা সেল কাজ করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ইসি সচিব বলেন, এখন পর্যন্ত মারাত্মক কোনো পরিস্থিতির খবর নেই। তবে তফসিল ঘোষণার পর দুটি প্রাণহানির ঘটনা ঘটেছে, যা নিন্দনীয়। গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে এবং আচরণবিধি লঙ্ঘনের বড় কোনো ঘটনা এখনো পাওয়া যায়নি।

নির্বাচনের ফল প্রকাশ বিলম্ব হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফল প্রকাশ বিলম্ব হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। যত ব্যালট কাস্ট হবে, সব ব্যালট গণনা শেষ করেই ফল ঘোষণা করা হবে। ভোটারের সংখ্যার তারতম্যের কারণে কোথাও সময় কিছুটা বেশি লাগতে পারে, তবে এটি বিলম্ব হিসেবে ধরা উচিত নয়।

পূর্ববর্তী নিবন্ধক্ষমতা নয়, জনগণের সেবাই আমার অগ্রাধিকার
পরবর্তী নিবন্ধবন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহীম আটক