ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের খবর যে সাংবাদিক প্রথম প্রকাশ করেছেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, ওই সাংবাদিক কীভাবে এতথ্য পেয়েছে তার উৎস প্রকাশ না করলে তাকে কারাগারে পাঠানো হবে। খবর বিডিনিউজের।
হোয়াইট হাউজে ওই সংবাদ সম্মেলনে ট্রাম্পের এমন মন্তব্য গণমাধ্যমের ওপর তার প্রশাসনের ক্রমবর্ধমান আক্রমণের একটি বড় বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, ইরান যুদ্ধের নেতিবাচক সংবাদ প্রচার নিয়ে ট্রাম্প ব্যক্তিগতভাবে তার সহযোগীদের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন। ট্রাম্প ও তার মিত্ররা প্রকাশ্যেই বেশ কিছু সংবাদমাধ্যমের কঠোর সমালোচনা করে আসছেন। গত শুক্রবার ইরানে একটি মার্কিন এফ–১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানায় যে, বিমানে থাকা দুই সেনার একজনকে মার্কিন উদ্ধারকারী দল সফলভাবে উদ্ধার করেছে।














