সর্বকনিষ্ঠ নারী এমপি নাটোরের পুতুল

আজাদী ডেস্ক | শনিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর(লালপুরবাগাতিপাড়া) আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। মাত্র ৪১ বছর বয়সে সর্বকনিষ্ঠ নারী সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন তিনি। একই সঙ্গে এই আসনে প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য হয়েছেন বিএনপির এই প্রার্থী। এতে দীর্ঘ ১৮ বছর পর বিএনপির হারানো আসনটি পুনরুদ্ধার করলেন পুতুল। ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফারজানা শারমিন পুতুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ পেয়েছেন (দাঁড়িপাল্লা) ৮৯ হাজার ৪৩১ ভোট।

নির্বাচনে জয়ের পর আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে পুতুল বলেন, এই বিজয় লালপুরবাগাতিপাড়ার সব মানুষের। যেসব নেতাকর্মী নির্বাচনী মাঠে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে পুতুল। ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয়। পরে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের প্রেক্ষাপটে দীর্ঘ ১৮ বছর এই আসনে বিএনপির কোনো জনপ্রতিনিধি ছিলেন না। বাবার মৃত্যুর পর সেই হারানো আসনটি পুনরুদ্ধার করলেন মেয়ে পুতুল।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে এক জালে ধরা পড়ল সাড়ে ৫ লাখ টাকার মাছ
পরবর্তী নিবন্ধবিশ্ব বদলে দেওয়া ব্রেইন চিপ ‘চূড়ান্ত মুহূর্তে’