সরকার এই মুহূর্তে অনলাইনে পাঠদানের কথা চিন্তা করছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। গতকাল সোমবার সকালে ঢাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আমাদের সরকার খুব গুরুত্বের সঙ্গে শিক্ষাঙ্গন দেখছে। এনার্জি ক্রাইসিসের জন্য কী হতে পারে, কী হওয়া উচিত, এটা শুধু আমার মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় থেকে আসবে না, এটা আসবে কেবিনেট থেকে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সে জায়গায় সবশেষ যে আলোচনা, আমরা অনলাইনের দিকে যাচ্ছি না। এ নিয়ে শিক্ষামন্ত্রী যেটা বলেছেন, মানে শিক্ষা মন্ত্রণালয় কী কী চিন্তা করছে, সেটা তিনি স্পষ্ট করেছেন। খবর বিডিনিউজের।
প্রতিমন্ত্রী বলেন, আপনাদের এখন জানাতে পারি, অনলাইন সেভাবে চিন্তা করছি না, কেবিনেটে অনলাইন বড়ভাবে চিন্তা হচ্ছে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সাশ্রয় করতে দেশের মহানগরী এলাকার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদানের পাশাপাশি, অনলাইনেও ক্লাস নেওয়ার বিষয়ে ভাবছিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।














