সরকারের নিয়ন্ত্রণ নিন

ইরানিদের প্রতি ট্রাম্পের আহ্বান

| রবিবার , ১ মার্চ, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান শেষ হলে দেশটির শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ নিতে ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, কয়েক প্রজন্মের মধ্যে এটাই তাদের জন্য সবচেয়ে সেরা সুযোগ। যখন আমরা শেষ করবো। সরকারের দখল নিন। আপনাদেরই নিতে হবে এটা। সম্ভবত এটাই কয়েক প্রজন্মের মধ্যে আপনাদের একমাত্র সুযোগ, ভিডিও বার্তায় ট্রাম্প এ কথা বলেছেন বলে জানিয়েছে সিএনএন।

ইরানে শনিবার সকাল থেকে শুরু হওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অভিযানের ওপর ট্রাম্প তার মারলগোর বাসভবন থেকে নজর রাখছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। সকালে ইসরায়েল হামলা শুরুর পর যুক্তরাষ্ট্রও যে তাতে আছে ভিডিও বার্তায় ট্রাম্প তা নিশ্চিতও করেন। খবর বিডিনিউজের।

অনেক বছর ধরে আপনারা যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়ে আসছিলেন, কিন্তু কখনো পাননি। কোনো প্রেসিডেন্টই এটা করতে আগ্রহী ছিল না, যা করতে আমি রাজি হয়েছি। এখন আপনারা এমন এক প্রেসিডেন্ট পেয়েছেন যে আপনাদেরকে যা চেয়েছিলেন তা দিয়েছে, এখন দেখি আপনারা কীভাবে প্রতিক্রিয়া দেখান। প্রবল পরাক্রম ও বিধ্বংসী শক্তি নিয়ে আমেরিকা আপনাদের পাশে দাঁড়াচ্ছে। এখনই সময় আপনার ভাগ্যের দখল নেওয়ার এবং আপনাদের নাগালের মধ্যেই যে সমৃদ্ধ ও গৌরবময় ভবিষ্যৎ রয়েছে, তা ছিনিয়ে নেওয়ার। এটা পদক্ষেপ নেওয়ার সময়, একে চলে যেতে দেবেন না, বলেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযানকে ‘ব্যাপক ও চলমান’ আখ্যা দিয়ে বলেন, মার্কিনিদের নিরাপত্তার স্বার্থেই এ হামলা চালানো হচ্ছে। আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যাচ্ছি, তাদের ক্ষেপণাস্ত্র খাত মাটির সঙ্গে মিশিয়ে দিতে যাচ্ছি। তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে সব সুযোগ প্রত্যাখ্যান করেছে, আমরা আর পারছি না, বলেছেন তিনি।

এ অভিযানে মার্কিন সেনাদের প্রাণও যেতে পারে বলে আশঙ্কা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানি শাসকরা হত্যা করতে চাইতে পারে। সাহসী মার্কিন নায়করা প্রাণ হারাতে পারেন, আমাদের দিক থেকে প্রাণহানি হতে পারে, যুদ্ধে প্রায়ই এটা হয়। কিন্তু আমরা এটা এখনকার জন্য করছি না, করছি ভবিষ্যতের জন্য, এবং এটা একটা মহৎ অভিযান, বলেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন ঘাঁটি থাকা একাধিক আরব রাষ্ট্রে ইরানের পাল্টা হামলা
পরবর্তী নিবন্ধখামেনি বেঁচে আছেন : ইরানের পররাষ্ট্রমন্ত্রী