সরকারি হলো থানচির আলোচিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

| মঙ্গলবার , ১৪ জুলাই, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

বান্দরবানের দুর্গম থানচি উপজেলার আলোচিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে এ স্কুল পরিচালিত হবে ‘তিন্দু সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ নামে। গতকাল থেকেই প্রচলিত বিধিবিধানের আলোকে প্রতিষ্ঠানটি সরকারি হবে এবং আত্তীকৃত শিক্ষককর্মচারীদের চাকরি বদলিযোগ্য হবে না। খবর বিডিনিউজের।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ২৮ জুন সংসদে বিদ্যালয়টি জাতীয়করণের উদ্যোগ নেওয়ার কথা বলেছিলেন। কিছুদিন আগে স্কুলটির প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের ব্যতিক্রমী সংগ্রামের গল্প দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

২০২০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে অধিকাংশ শিক্ষার্থীর পরিবার দরিদ্র হওয়ায় নিয়মিত বেতন দিতে পারে না। ফলে শিক্ষককর্মচারীদের বেতন পরিশোধে দীর্ঘদিন ধরে সংকট চলছিল। এই সংকট মোকাবিলায় ছুটির দিনগুলোতে থানচিতিন্দুরেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। নৌকা চালিয়ে যে আয় করেন তার বড় একটি অংশ বিদ্যালয়ের শিক্ষককর্মচারীদের বেতন পরিশোধে ব্যয় করেন। শুধু চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে নৌকা চালিয়ে তিনি প্রায় ৪০ হাজার টাকা আয় করেন। এর মধ্যে ৩০ হাজার টাকা সহকর্মীদের বেতন বাবদ পরিশোধ করেন।

দুর্গম পাহাড়ি এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান টিকিয়ে রাখতে প্রধান শিক্ষকের এই উদ্যোগ দেশজুড়ে প্রশংসিত হয়। পরে স্থানীয় প্রশাসন বিদ্যালয়ের জন্য একটি বোটের ব্যবস্থা, নতুন ভবন নির্মাণ এবং ছাত্রাবাস সংস্কারের উদ্যোগ নেয়। এরপর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি বিদ্যালয়টি জাতীয়করণের উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধদুই মাস ধরে বেতন-ভাতা না পেয়ে দুর্ভোগে নন-এমপিও ও খণ্ডকালীন শিক্ষক-কর্মচারীরা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের পাহাড় ও টিলা সংরক্ষণে নতুন উপ-কমিটি করাসহ এক গুচ্ছ সিদ্ধান্ত