সরওয়ার জামাল নিজামকে মন্ত্রিপরিষদে রাখার দাবি

তৈলারদ্বীপে নেতাকর্মীদের উচ্ছ্বাস

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৩ আনোয়ারাকর্ণফুলীতে নির্বাচনে জয় লাভ করায় বিএনপির নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের বন্যা। গতকাল শুক্রবার বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে বরণ করতে তৈলারদ্বীপে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও নানান পেশার মানুষের ঢল নেমেছিল। পুরো এলাকায় উৎসব আমেজ ছড়িয়ে পড়ে।

এ বারের নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য সরওয়ার জামাল নিজাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ৭৪ হাজার ৩৯৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তিনি ১ লাখ ২৫ হাজার ৪৬০ ভোটে নিবাচিত হয়েছেন। এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার রেকর্ডও গড়েছেন। যার কারণে সরওয়ার জামাল নিজামকে ঘিরে বেড়েছে দলের নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষের প্রত্যাশার চাপ। পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামে তরুণ এমপিদের পাশে প্রবীণ সংসদ সদস্য হিসেবে যোগ্যতা ও অভিজ্ঞতার বিবেচনায় দলের নেতাকর্মী ও স্থানীয়রা তাকে মন্ত্রিপরিষদে স্থান দেওয়ার দাবি জানিয়েছেন।

গতকাল সকাল থেকে তৈলারদ্বীপের সরওয়ার জামাল নিজামের বাড়িতে নেতাকর্মীদের ঢল নামে। শত শত নেতাকর্মীকে ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে ভিড় করতে দেখা যায়। এ সময় তিনি নেতা কর্মীদের বুকে টেনে নেন। মিষ্টি মুখ করিয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন।

বিকালে সরওয়ার জামাল নিজাম আজাদীকে দেওয়া এক সাক্ষাতকারে তাঁর বিজয়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ৪৩ বছর ধরে রাজনীতি করছি। দেশমাতা বেগম খালেদা জিয়ার কাছ থেকে রাজনীতি ও শিষ্টাচার শিখেছি। এবার সহ ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। প্রতিবারই সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের মাধ্যমে আমার এলাকার জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি। দলের নেতাকর্মীরা আমার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এজন্য সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের প্রত্যাশার ছাপ সহ নানা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিগত তিনবার এমপি থাকাকালীন কোনো দুর্নীতি স্পর্শ করিনি। তারপরেও ওয়ান ইলেভেনের সময় আমাকে মিথ্যা মামলায় তিন বছর জেলে আটকে রাখে। আমার কাছে বার বার ভোটে পরাজিত ফ্যাসিস্ট দলের নেতারা আমার পরিবারের ওপর অবর্ণনীয় মানসিক নির্যাতন করে বারবার আমার ক্লিন ইমেজ নষ্ট করার চেষ্ঠা করা হয়েছে। এবারের নির্বাচনেও তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠেছিল। কিন্তু আমার এলাকার সাধারণ মানুষ ও নেতাকর্মীদের পূর্ণ সমর্থনে আমি ৪র্থ বারের মত বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। ইনশাআল্লাহ আমি আমার নির্বাচনী এলাকার মানুষের শান্তি ও উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো এবং আনোয়ারাকর্ণফুলীকে চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকমুক্ত করে এলাকায় পরিকল্পিত উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করবো।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে তরুণ প্রজন্মের নতুন ঝোঁক মদ-মাদকহীন আড্ডা
পরবর্তী নিবন্ধহাধুরখীল তজবিদুল কোরআন এতিমখানার অনুষ্ঠান আজ