সম্মিলিতভাবে আমরা সমপ্রীতির দেশ গড়তে চাই

তুলসীধামে স্মরণ উৎসবে বক্তারা

| মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

আমাদের রয়েছে দীর্ঘদিনের লালিত সামপ্রদায়িক সমপ্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। বিএনপি সবসময় ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল। এ দেশে যারা বাস করেন, সবাই বাংলাদেশি। সম্মিলিতভাবে আমরা সমপ্রীতির দেশ গড়তে চাই। নন্দনকাননস্থ সমাধিস্থল শ্রীশ্রী তুলসীধামে ঋষিকুল শিরোমণি স্বামী নারায়ণ পুরী মহারাজের মহাপ্রয়াণের ১১তম বর্ষে তিনদিনব্যাপী স্মরণ উৎসবের ১ম দিন ৮ মার্চ অনুষ্ঠিত ধর্মসভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে চট্টগ্রামের দুই এমপি আবু সুফিয়ান ও সাঈদ আল নোমান এসব কথা বলেন। ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপানন্দ পুরী মহারাজের পৌরোহিত্যে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি হরিশংকর ধর। অ্যাডভোকেট সুজন কান্তি দে’র সঞ্চালনায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক পলাশ কান্তি ধর, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল, সাগর বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য দেন অদ্বৈতঅচ্যুত মিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিরন্ময় ধর। এসময় অতিথিদের ফুল, উত্তরীয় দিয়ে বরণ করে নেন তুলসীধাম পরিচালনা পরিষদের সদস্যরা। এমপি আবু সুফিয়ান বলেন, বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিকের সমান অধিকার দিয়েছে। সেটা জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। আমরা সমপ্রীতি নষ্ট হতে দেব না। বিএনপি কখনও এই অধিকার নষ্ট হতে দেয়নি। ঋষিপুত্র শ্রীমৎ নারায়ণ পুরী মহারাজ তাঁর শিক্ষাদীক্ষা, চিন্তাচেতনা, উদ্দেশ্যআদর্শ সবকিছুই মানবতার কল্যাণে নিবেদন করেছেন। এমন সাধকপুরুষ বর্তমান সময়ে বিরল। এমপি সাঈদ আল নোমান বলেন, স্বামী নারায়ণ পুরী মহারাজকে কাছ থেকে দেখেছি। তিনি অসামপ্রদায়িক ব্যক্তিত্ব। তাঁর রেখে যাওয়া আদর্শ মেনে চললে সমাজ শান্তিময় হবে। শুধু রাজনীতিবিদ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে আমাদের কাজ, অপরের উপকারে আসতে পারা। এটিই ধর্মের মূল কথা। স্বামী নারায়ণ পুরী মহারাজ সেই পথই আমাদের দেখিয়ে গেছেন। এমপি সাঈদ আল নোমান গীতাপাঠে অংশগ্রহণকারী অদ্বৈতঅচ্যুত গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র ও নগদ টাকা পুরস্কার হিসেবে তুলে দেন। এর আগে স্বামী নারায়ণ পুরী মহারাজের সমাধিতে ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন দুই এমপি। বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআহলে বায়তে রাসূলের (দ.) প্রতি ভালোবাসা ঈমানের মাপকাঠি
পরবর্তী নিবন্ধঢেমশা কৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব কাল থেকে শুরু