সম্পর্কের গুরুত্ব ও সময়ের দায়বদ্ধতা

তমিজ উদ্দীন আহমদ | সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

আমরা প্রতিদিন কত শত কথা বলি কত মানুষের সাথে পথ চলি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোন কথোপকথনটি শেষবারের মতো হচ্ছে এবং কখন একটি জীবন্ত মুহূর্ত কেবল একটি স্থির স্মৃতিতে পরিণত হবে তা জানার কোনো উপায় আমাদের নেই। আমরা ভাবি কাল কথা হবে, ভাবি অভিমান ভাঙাতে আরও একটা সুযোগ পাওয়া যাবে। কিন্তু জীবন ততটা সরল নয়।

জীবন যেন এক অমীমাংসিত সমীকরণ! জীবন অত্যন্ত ভঙ্গুর সংক্ষিপ্ত এবং ক্ষমাহীন। প্রকৃতির এই নিয়মে গতকালের পরিচিত মুখ আজ কেবল ছবির ফ্রেমে আটকে যেতে পারে। যখন কোনো মানুষ হারিয়ে যায় তখন কেবল মানুষটিই যায় না তার সাথে হারিয়ে যায় ক্ষমা চাওয়ার সুযোগ কিংবা কাউকে ক্ষমা করে দিয়ে মনের বোঝা হালকা করার অধিকারটুকুও।

অনেক সময় আমরা অহংকারবা দ্বিধার কারণে মনের কথাগুলো জমিয়ে রাখি। কিন্তু নিষ্ঠুর সময় কাউকে সেই সুযোগ দ্বিতীয়বার দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। একটি তিক্ত বিদায় আমাদের সারা জীবনের অনুশোচনা হয়ে দাঁড়াতে পারে। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণই ভালোবাসার সুযোগ আছে। সম্পর্কগুলো টিকিয়ে রাখা কোনো কঠিন কাজ নয় যদি আমরা গুরুত্ব বুঝতে পারি। ক্ষোভ জমিয়ে রাখবেন না, আজকের বিবাদ আজই মিটিয়ে ফেলুন। দিনশেষে শান্তি বড় জিনিস। প্রিয়জনকে জানান তারা আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ শুধু চায় কেউ তার কথা শুনুক। একটু মনোযোগ দিয়ে শোনাও এক ধরনের ভালোবাসা। আমরা কেউই জানি না আমাদের হাতে আর কতটুকু সময় অবশিষ্ট আছে। তাই আসুন প্রিয় মানুষগুলোর সাথে তিক্ততা নয় বরং এমন কিছু স্মৃতি তৈরি করি যা সময়ের ওপারেও অম্লান থাকে। জীবনের এই সংক্ষিপ্ত সফরে ভালোবাসাই হোক আমাদের একমাত্র পাথেয়।

পূর্ববর্তী নিবন্ধমায়ায় জড়িয়ে থাকতে চাই সবার সাথে
পরবর্তী নিবন্ধবাংলা মায়ের ভাষা, প্রাণের ভাষা