জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, সমৃদ্ধশালী সাতকানিয়া ও লোহাগাড়া গড়তে আমি আপনাদের দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট চাই। আমি এই এলাকা থেকে দুইবার এমপি নির্বাচিত হয়েছিলাম। জনগণের কাছে দেওয়া কোনো ওয়াদা আমি খেলাফ করিনি। প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়নের চেষ্টা করেছি। তিনি গত ৩ ফেব্রুয়ারি সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী আরো বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা চরম নির্যাতনের শিকার হয়েছি। আমাদের এলাকায় আসতে দেওয়া হয়নি। একের পর এক মিথ্যা মামলা, হামলা ও নির্যাতনের মাধ্যমে আমাদের দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। কারণ জামায়াতে ইসলামী প্রতিশোধ নয়, ন্যায়বিচার ও ইনসাফের রাজনীতিতে বিশ্বাস করে। তিনি বলেন,দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায়, সততা ও ইনসাফের প্রতীক। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে পাশে থাকার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। এসময় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন, নলুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম, রফিকুল ইসলাম, আইয়ুব আলী, নলুয়া কামাল উদ্দিন, দিদারুল ইসলাম, আবুল বশর, সাদেক হোসাইন, জহিরুল ইসলাম চৌধুরী, জমির উদ্দিন, নুরুল কবির, সিরাজুল ইসলাম আব্দুস সাত্তার, আবুল কাশেম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












