সেন্টমার্টিন দ্বীপের অদূরে সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছধরা নৌকাসহ নয়জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম–উল–হক এ তথ্য নিশ্চিত করেন। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত সোমবার সেন্টমার্টিন থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র এলাকায় একটি মাছধরা নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নৌকাটি গভীর সমুদ্রে ভাসতে থাকে।
বিষয়টি কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১–এ জানানো হলে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ ঘটনাস্থলে গিয়ে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ওই নৌকাসহ নয়জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের পর সেন্টমার্টিনে জেলেদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে নৌকাসহ তাদেরকে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম–উল–হক বলেন, সমুদ্রে যে কোনো জরুরি পরিস্থিতিতে কোস্ট গার্ড তাৎক্ষণিক সাড়া দিয়ে থাকে। ভবিষ্যতেও জরুরি মুহূর্তে এ ধরনের অভিযান চালানো হবে।









