সমুদ্রের গভীরে ডাকবাক্স, বছরে আসে দেড় হাজার চিঠি

| শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

রাস্তার ধারে বা ডাকঘরের সামনে নয়, চিঠি পাঠাতে এখানে নামতে হয় সমুদ্রের গভীরে। জাপানের ওয়াকায়ামা প্রিফেকচারের সুসামি উপকূলে থাকা ব্যতিক্রমী এই ডাকবাক্সে প্রতিবছর জমা পড়ে দেড় হাজারেরও বেশি চিঠি।

১৯৯৯ সালে পর্যটক আকৃষ্ট করার উদ্যোগ হিসেবে স্থাপন করা ডাকবাক্সটি এখন চিঠি পাঠানোর এক অভিনব অভিজ্ঞতার জন্য পরিচিত। সুসামি উপকূলের কাছে সমুদ্রের তলদেশে শক্তভাবে স্থাপন করা হয়েছে ডাকবাক্সটি। সেখানে চিঠি পাঠাতে হলে পানির নিচে ডুব দিয়ে পৌঁছাতে হয়। জাপান পোস্টও এটিকে চিঠি পাঠানোর ডাকবাক্স হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। খবর বিডিনিউজের।

স্থানীয় পর্যটনশিল্পের প্রসার এবং এলাকায় পর্যটকের সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই ১৯৯৯ সালে এই উদ্যোগ নেওয়া হয়। এরপর থেকে সমুদ্রের নিচে চিঠি পাঠানোর ব্যতিক্রমী অভিজ্ঞতা নিতে আগ্রহীদের কাছে জায়গাটি বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে। প্রতিবছর দেড় হাজারের বেশি চিঠি জমা পড়া এই ডাকবাক্স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আগ্রহ দেখা গেছে।

প্রিয়জনের কাছে মনের কথা পৌঁছে দিতে পোস্টকার্ডের ব্যবহার দীর্ঘদিনের। অল্প খরচে ছোট্ট বার্তার মাধ্যমে বন্ধু কিংবা বিদেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে স্মরণীয় মুহূর্ত ভাগ করে নেওয়ার সুযোগ দেয় পোস্টকার্ড। জাপানের এই পানির নিচের ডাকবাক্স সেই পরিচিত অভ্যাসের সঙ্গে যোগ করেছে ভিন্নধর্মী এক অভিজ্ঞতা।

পূর্ববর্তী নিবন্ধকিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে