সমাজসেবা চট্টগ্রাম বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

সমাজসেবা চট্টগ্রাম বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. কামাল উদ্দিন বিশ্বাস। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শারীরিক কসরত শিক্ষার্থীদের সুশৃঙ্খল এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে অপরিহার্য। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ করেন। চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) নাজমুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম ও চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক হরিশ চন্দ্র বিশ্বাস প্রমুখ। চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২ দিনব্যাপী আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ১৯টি প্রতিষ্ঠানের ৭৫৭ জন নিবাসী শিশু ৪২টি ইভেন্টে অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের সকল উপপরিচালক, সহকারী পরিচালক, সমাজসেবা অফিসার ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপাইওনিয়র ফুটবল লিগে চন্দনাইশ ব্রাদার্স ও রামপুরের জয়
পরবর্তী নিবন্ধশায়েস্তা খান স্মৃতি স্কুল ক্রিকেট লিগ শুরু কাস্টমস ল্যাবরেটরি স্কুলের শুভসূচনা