আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী বলেছেন, যারা চেষ্টা করে তারা সফল হয়। সমস্যা সবসময় ছিল, থাকবে, তাকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে।
গতকাল শনিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগ’২০২৫ এর অটাম সেমিস্টারের মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি’র ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান ও শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রশীদ জাহেদ। দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে এবং সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নূরুজ্জামানের সঞ্চালনায় মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, প্রফেসর ড. শফীউদ্দীন মাদানী।
প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি’র প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী বলেন, সামনের দিনগুলোতে প্রতিযোগিতা আরও বাড়বে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মেধার স্বাক্ষর রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আইআইইউসি’র ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান বলেন, মেধার স্বীকৃতি চিরন্তন। তবে চূড়ান্ত স্বীকৃতি আল্লাহর পক্ষ থেকে দেয়া হবে। পবিত্র কোরআনে সৎ কাজের প্রতিযোগিতার তাগিদ দেয়া হয়েছে। মেধার প্রতিযোগিতা সৎ কাজের প্রতিযোগিতা। তাই মেধার স্বীকৃতি দিতে হবে।
শেষে অতিথিগণ পরীক্ষার ফলাফল ও মেধা অনুসারে নির্বাচিত ছত্রিশজন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।














