সব সময়ের মতো মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে : খসরু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:২৩ পূর্বাহ্ণ

দলের জয়কে বিএনপির প্রতি জনগণের আস্থা হিসেবে দেখছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জনগণ যে আস্থা ও বিশ্বাস রেখেছে তা বিএনপি পূরণ করতে পারবে বলে বিশ্বাস করেন তিনি। গত রাতে আজাদীর সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম১১ আসন থেকে ১ লক্ষ ১৫ হাজার ২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন ধানের শীষ প্রতীকের এ প্রার্থী। এ নিয়ে চতুর্থবার সংসদ সদস্য হলেন তিনি। নিজের বিজয়ের পাশাপাশি চট্টগ্রামসহ সারা দেশে বিএনপির জয় সম্পর্কে জানতে চাইলে আমীর খসরু বলেন, আমি বিজয় বলব না। এটাকে আমি জনগণের আস্থা হিসেবে দেখছি। জনগণ সবসময়ের মতো বিএনপির উপর আস্থা রেখেছে। দেশের ক্রান্তিলগ্ন সময়ে বা যেকোনো কঠিন সময়ে জনগণ বিএনপির উপর আস্থা রাখে। এবারও বিএনপির উপর আস্থা রেখেছে তারা। তিনি বলেন, আসলে জনগণ আমাদের উপর গুরুদায়িত্ব দিয়েছে। আমরা আশা করি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারব।

চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১৪টি আসনে বিএনপির বিজয় প্রসঙ্গে খসরু বলেন, চট্টগ্রামে আগেও বিএনপি ভালো করত। এবারও করেছে। যে দুইটা আসনে হেরেছে সেখানে ভোটের ব্যবধান সামান্য। চট্টগ্রামবাসী সবসময় জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখে। পূর্বের ধারাবাহিকতায় এবারও রেখেছে।

নিজের সংসদীয় আসন চট্টগ্রাম১১ এর ভোটারদের প্রতি কোনো বার্তা আছে কিনা জানতে চাইলে বলেন, ভোটারদের ধন্যবাদ জানাচ্ছি। এত কারসাজির মধ্যেও তারা রুখে দাঁড়িয়েছে। তারা শক্ত অবস্থান নিয়ে আমাকে জয়ী করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

গতকাল বেলা ১১টা ৪১ মিনিটে উত্তর কাট্টলী মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্ত্রী ও সন্তান নিয়ে ভোট দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এরপর সাংবাদিকদের তিনি বলেন, এই ভোট আমাদের জন্য বিশেষ। কারণ বাংলাদেশের মানুষ গত ১৭১৮ বছর ভোট দিতে পারেনি। এই ভোটের পেছনে বহু মানুষের ত্যাগ রয়েছে। কেউ জীবন দিয়েছেন, কেউ গুম হয়েছেন, কেউ খুন হয়েছেন। অনেকে ব্যবসা হারিয়েছেন, চাকরি হারিয়েছেন। কেউ পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছেন, কেউ জেলখানায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমি তাদের সবাইকে আজ স্মরণ করছি। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধা জানাই বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে, যারা রাজপথে নেমে নিজেদের অধিকার আদায় করেছেন। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যিনি নিজের জীবন বিপন্ন করে গণতন্ত্রের জন্য আপসহীনভাবে লড়াই করেছেন।

তিনি বলেন, তারেক রহমান নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশত্যাগ করে দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন। এখন আমরা আবার একটি গণতান্ত্রিক অর্ডারের দিকে ফিরে যাচ্ছি। এর মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার ফিরে পাবে। তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে, সরকার নির্বাচিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটাই গণতন্ত্রের মূলমন্ত্র। আজকের এই ভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ। আমি কোথাও পক্ষপাতমূলক কিছু দেখিনি। নির্বাচন সুষ্ঠুভাবেই চলছে। গণতন্ত্র যে ফিরে আসছে, মানুষ তা অনুভব করছে। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করে দেশকে সামনে এগিয়ে নেবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান যে পরিকল্পনার কথা বলেছেন, তা বাস্তবায়নের সুযোগ জনগণ দিতে চায়।

পূর্ববর্তী নিবন্ধবড় ধরনের বিশৃঙ্খলা নেই, ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি
পরবর্তী নিবন্ধকে কত ভোট পেলেন