‘সব শালারে পুঁতে ফেল’ বলে তিন সাংবাদিককে মারধর

অবৈধ বালু তোলার চিত্র ধারণে গিয়ে হামলার শিকার

আজাদী ডেস্ক  | মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৪:৫৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনভূমি ও ফসলি জমিতে শক্তিশালী শ্যালোমেশিন ও ড্রেজার বসিয়ে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের খবরে সচিত্র সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। তাদেরকে প্রথমে বেসরকারি হাসপাতাল ও পরে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত রবিবার সন্ধ্যার আগে এই সশস্ত্র হামলা চালানো হয় উপজেলার উত্তর হারবাং ইসলাম ট্রেডিং এলাকায়। এ সময় এই তিন সাংবাদিককে হারবাং ছড়াখাল থেকে উত্তোলনস্থলে বালুর ভেতর পুঁতে ফেলতে নির্দেশ দেয় বালুদস্যুর হোতা নাজেম উদ্দিন। এ সময় তার একাধিক ভাইসহ অন্তত অর্ধশত বালুদস্যুসন্ত্রাসী তিন সাংবাদিককে ঘিরে পৃথকভাবে এই হামলা চালায়।

আহত সাংবাদিকেরা হলেন কালের কণ্ঠ ও দৈনিক আজাদীর চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ, আমার দেশ ও দৈনিক পূর্বদেশের চকরিয়া প্রতিনিধি ইকবাল ফারুক এবং দৈনিক সংবাদ ও সুপ্রভাত বাংলাদেশের চকরিয়া প্রতিনিধি এম জিয়াবুল হক।

আহতদের মধ্যে ছোটনের মাথাপিঠ, ইকবাল ফারুকের ডান হাতের পাতা ও জিয়াবুলের ডান হাতের বাহুর হাড় ভেঙে যায়। আহত সাংবাদিকেরা বলেন, উত্তর হারবাং এলাকায় অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে তিন সাংবাদিক ঘটনাস্থলে যান। পরে ভিডিও এবং ছবি ধারণ করার সময় বালু উত্তোলনের শ্রমিকেরা চিৎকারচেঁচামেচি শুরু করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন অবৈধ বালু উত্তোলনের মূলহোতা নাজিম উদ্দিন।

এ সময় বালুদস্যু নাজেম উদ্দিন নির্দেশ দেয়-‘সব শালারে ছড়ার বালুতে পুঁতে ফেল।’ তখনই তিন সাংবাদিককে চারিদিক থেকে ঘিরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা শুরু হয়। প্রথমে সাংবাদিকদের মুঠোফোন কেড়ে নিয়ে ছড়ায় ফেলে পানিতে চুবিয়ে দেওয়া হয়। এর পর একেকজন সাংবাদিককে ৭৮জন ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করে। এসময় ছোটন ও জিয়াবুলকে মারতে মারতে ছড়ার পানিতে চুবিয়ে ফেলে।

আহত সাংবাদিক ছোটন কান্তি নাথ বলেন, গুরুতর আহত অবস্থায় তিনজনকে ছড়া থেকে তুলে একটি ঘরে আটকে রাখে। অন্তত তিনঘণ্টা পর আটটার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি আমাদের উদ্ধার করে নিকটবর্তী চট্টগ্রামের লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে এবং মাথা ও হাতে সেলাই দেওয়া হয়। ঘটনার বিষয়ে জানতে নাজিম উদ্দিনের ব্যবহৃত মোবাইলে কল দিলে তিনি ফোন ধরেননি। একপর্যায়ে তিনি মুঠোফোন বন্ধ করে দেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি সোমবার বিকেলে জেনেছি। অবশ্যই হামলাকারীসন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে নাজিম উদ্দিনকে ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের তিন উপজেলায় অভিযান, ৬৬ হাজার ৫০০ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধভোটের আগের মাসে অর্থবছরের সবচেয়ে কম প্রবৃদ্ধি