পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদের নিয়ে সমালোচনা করা। নেলসন ম্যান্ডেলা বলেছেন– ‘সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে।’ মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে বাস করতে গেলে একে অপরের সঙ্গে মতবিনিময়, আলোচনা ও মূল্যায়নের প্রয়োজন হয়। এই মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ দিক হলো সমালোচনা। তবে সমালোচনা সবসময় নেতিবাচক অর্থ বহন করে না, বরং সঠিকভাবে করা সমালোচনা মানুষকে উন্নতির পথে এগিয়ে নিতে পারে। তাই বলা হয় সবসময় গঠনমূলক সমালোচনা করা উচিত। গঠনমূলক সমালোচনা মানুষকে নিরুৎসাহিত না করে বরং তার ভুলগুলো বুঝতে সাহায্য করে এবং তাকে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। শেক্সপিয়র বলেছেন– ‘তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে।’ গঠনমূলক সমালোচনা বলতে এমন সমালোচনাকে বোঝায় যা কাউকে হেয় করা বা অপমান করার জন্য নয় বরং তার ভুলগুলো ধরিয়ে দিয়ে তাকে উন্নতির সুযোগ করে দেয়া। একজন মানুষ যখন কোনো কাজ করে তখন সেই কাজে ভুল ত্রুটি থাকা স্বাভাবিক। যদি কেউ সেই ভুলগুলো ভদ্রভাবে, যুক্তি দিয়ে এবং সদুদ্দেশ্যে তুলে ধরে তাহলে তা গঠনমূলক সমালোচনা হিসেবে বিবেচিত হয়। এতে সমালোচিত ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে এবং ভবিষ্যতে আরো ভালোভাবে কাজ করার চেষ্টা করে। গঠনমূলক সমালোচনার গুরুত্ব সমাজের প্রায় সবক্ষেত্রেই দেখা যায়। শিক্ষা, সাহিত্য, সংষ্কৃতি, রাজনীতি কিংবা কর্মক্ষেত্র–সব জায়গাতেই এটি রয়েছে। কর্মক্ষেত্রে যিনি বেশি কাজ করেন তাঁর সমালোচনা বেশি, যিনি কোনো কাজ করেন না তাঁর সমালোচনাও থাকে না। উদাহরণস্বরূপ, একজন শিক্ষার্থী যদি কোনো রচনা লিখে এবং শিক্ষক তার ভুলগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেন তাহলে সেই শিক্ষার্থী পরবর্তীতে আরো ভালোভাবে লিখতে পারবে। একইভাবে একজন শিল্পী, লেখক বা কবিও গঠনমূলক সমালোচনার মাধ্যমে নিজের সৃজনশীলতাকে আরো সমৃদ্ধ করতে পারেন। সাহিত্য জগতে গঠনমূলক সমালোচনার গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। একজন কবি বা লেখক যখন কোনো লেখা প্রকাশ করেন তখন পাঠক ও সমালোচকের মন্তব্য তাঁর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠে। যদি সেই সমালোচনা যুক্তিপূর্ণ হয় তাহলে লেখক নিজের সীমাবদ্ধতা বুঝতে পারেন এবং ভবিষ্যতে আরো উন্নত সাহিত্যকর্ম সৃষ্টি করতে পারেন। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় অনেক মহান সাহিত্যিক সমালোচনার মধ্য দিয়ে নিজের সৃষ্টিশীলতাকে আরো উন্নত করেছেন। মার্টিন লুথার কিং জুনিয়র বলেছেন– ‘যদি উড়তে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো, সামনে চলা বন্ধ করবে না।’ অনেক সময় মানুষ রাগ, হিংসা বা ঈর্ষা থেকে অন্যকে আঘাত করার উদ্দেশ্যে সমালোচনা করে থাকে। এই ধরনের সমালোচনা ধ্বংসাত্মক। এতে সমালোচিত ব্যক্তি নিরুৎসাহিত হয়ে পড়তে পারে এবং তার আত্মবিশ্বাস কমে যেতে পারে, তাই সমালোচনা করার সময় আমাদের ভাষা, ভঙ্গি এবং উদ্দেশ্যের প্রতি বিশেষভাবে সচেতন থাকা উচিত। আমাদের লক্ষ্য হওয়া উচিত কাউকে ছোট করা নয় বরং তাকে উন্নতির পথে সহায়তা করা। যখন কেউ যুক্তি ও সদিচ্ছার ভিত্তিতে সমালোচনা করেন তখন তাঁর মধ্যে মানবিকতা, সহমর্মিতা এবং দায়িত্ববোধের প্রকাশ ঘটে। এর ফলে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহযোগিতার পরিবেশ তৈরী হয়। সমালোচনা ছিল, সমালোচনা আছে, সমালোচনা থাকবে, সমালোচনা সহ্য করার ক্ষমতা যার আছে সেই সফল। বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারের কারনে সমালোচনা খুব সহজ হয়ে গেছে। মানুষ প্রায়ই কোনো বিষয় না বুঝেই তাড়াহুড়া করে মন্তব্য করে বসে। অনেক সময় এই মন্তব্যগুলো কঠোর ও আঘাতমূলক হয়ে থাকে– এতে ব্যক্তি ও সমাজে নেতিবাচক প্রভাব পড়ে। তাই আমাদের উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব জায়গায় গঠনমূলক সমালোচনার চর্চা করা; এতে ব্যক্তি যেমন উন্নত হবে তেমনি সমাজও হবে আরো সুন্দর, সুশৃংখল ও সমৃদ্ধ।










