সপ্তাহে চার কর্ম দিবসের পরিকল্পনা পাকিস্তানের

যুদ্ধ কৃচ্ছ্রতা

| বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৯:০৭ পূর্বাহ্ণ

ইরানে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের শুরু করা যুদ্ধের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার সঙ্গে মানিয়ে নিতে নজিরবিহীন কৃচ্ছ্রতা পরিকল্পনা ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই পরিকল্পনায় সব সরকারি দপ্তরের জন্য চার কর্ম দিবসের সপ্তাহ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তিনি।

ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। পাকিস্তানসহ বহু দেশ এই সংকটের কবলে পড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় শুধু সিন্ধু প্রদেশ বাদে দেশটির বাকি তিনটি প্রদেশ নিজেদের মতো করে পদক্ষেপ নিয়েছে বলে পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে। খবর বিডিনিউজের। সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শরিফ অনিশ্চিত পরিস্থিতি মোকাবেলায় পাকিস্তান সরকারের এই দৈবকালীন পরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেছেন, পাকিস্তানে যে তেলের মজুদ আছে তা সুচারুভাবে ব্যবহারের জন্য এসব পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়বে। এখন থেকে পাকিস্তানের সরকারি দপ্তরগুলোতে কর্ম দিবস হবে সোম থেকে বৃহস্পতিবার। শুক্র থেকে রোববার, তিন দিন ছুটি থাকবে। তবে ব্যাংক, কৃষি ও শিল্প খাতে এবং হাসপাতাল ও অ্যাম্বুলেন্স পরিষেবার মতো জরুরি পরিষেবাগুলোতে অতিরিক্ত ছুটির দিনটি কার্যকর হবে না।

আগামী দুই সপ্তাহের জন্য দেশটির সব স্কুল ও কলেজ বন্ধ থাকবে। আর হায়ার এডুকেশন কমিশনের (এইচইসি) অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের কর্মসূচিগুলো অনলাইনে চালিয়ে যাবে। সব সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে তাদের কর্মীদের ৫০ শতাংশ যেন বাড়ি থেকে কাজ করে তা নিশ্চিত করতে হবে। তবে কৃষি ও শিল্পখাত এবং জরুরি পরিষেবাগুলোর জন্য এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

পূর্ববর্তী নিবন্ধএবার সুপারস্টারের স্ত্রীর চরিত্রে ভাবনা
পরবর্তী নিবন্ধইরান যুদ্ধে নিহত সপ্তম মার্কিন সেনার মরদেহ গ্রহণ অনুষ্ঠানে ভ্যান্স ও হেগসেথ