সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৪:২৮ পূর্বাহ্ণ

সরবরাহ সংকটের অজুহাতে খুচরা বাজারে বাড়ছে সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। সবজি ব্যবসায়ীরা বলছেন, নগরীতে সিংহভাগ সবজি আসে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে। কিন্তু বর্তমান ওইসব জেলা থেকে সবজির সরবরাহ কমে গেছে। তাই দামের ক্ষেত্রে প্রভাব পড়ছে।
গতকাল শুক্রবার নগরীর কাজীর দেউড়ি ও বেটারি গলি কাঁচা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বেগুন কেজিতে ১০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৭০ টাকা। কাকরল কেজিতে ১০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা, শসা ১০ টাকা বেড়ে ৬০ টাকা, পটল ৫ টাকা বেড়ে ৬০ টাকা, চিচিঙ্গা ১০ টাকা বেড়ে ৫০ টাকা, ঝিঙা ১০ টাকা বেড়ে ৬০ টাকা, তিতা করলা ১০ টাকা বেড়ে ৬০ টাকা, লাউ ৫ টাকা বেড়ে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে আগাম শীতকালীন সবজি শিম বিক্রি হচ্ছে ১৮০ টাকায় এবং ফুলকপি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এছাড়া টমেটো কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ টাকা এবং প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। নগরীর বেটারি গলির সবজি বিক্রেতা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পাইাকারি আড়তে শুনেছি আগের মতো সবজি আসছে না। তাই দাম বেড়েছে। পাইকারি বাজারে কমে গেলে আমরা কম দামে সবজি বিক্রি করি।
এম এম ইলিয়াছ উদ্দিন নামের এক ক্রেতা বলেন, শুধু সবজির বাজার বলে কথা নয়, বাজারে এখন প্রত্যেকটি ভোগ্যপণ্যের দামই চড়া। যেভাবে খরচ বেড়েছে, সেভাবে কারো আয় বাড়েনি। এতে নিম্নমধ্যবিত্ত শ্রেণীর লোকজনকে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে। আমাদের দেশে কেবল রমজান মাস আসলে বাজারে কিছুটা মনিটরিং হয়। এরপর সারা বছর আর কোনো খবর থাকে না। সেই সুযোগটাই ব্যবসায়ীরা সব সময় নেয়।

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনা শনাক্তের হার ১৫ শতাংশ ছাড়িয়েছে
পরবর্তী নিবন্ধপৌরকরের অসঙ্গতি চিহ্নিত করতে গণশুনানি হবে