সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় দুই উপ–পরিদর্শকসহ (এসআই) পাঁচ–ছয়জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত পৌনে ১টার দিকে উপজেলার সারিকাইত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মোহাম্মদ শান্ত (২২), মোহাম্মদ এমরান হোসেন নিলয় (২০), মো. সাহেদ (২৮), মো. দিদারুল আলম, মো. মিনহাজ (১৯), মোহাম্মদ শাওন (১৯)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সুজন হালদার।
পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে মো. হাসান নামে এক ব্যক্তি মোবাইল ফোনে জানায় যে, সারিকাইত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জনৈক গাজী হানিফের বাড়ির সামনে দিদার নামে একজন মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করে রাখা হয়েছে। তাৎক্ষণিক খবর পেয়ে এসআই নুর মোহাম্মদ, এএসআই আপেলসহ পুলিশের একটা টিম দিদারের বাড়িতে হাজির হলে দেখতে পান আসামি হাসান ও বাবরের নেতৃত্বে ২৫/৩০ জন লোকজনসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাজী হানিফ ও দিদারের বাড়িতে ভাংচুর করার জন্য আক্রমণ করে। এসময় এসআই নুর মোহাম্মদ ও তার সঙ্গীয় ফোর্স আসামিদের নিবৃত্ত করার চেষ্টা করলে এসআই নুর মোহাম্মদসহ পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এসময় তারা পুলিশ সদস্যদের উপর ইট–পাটকেল নিক্ষেপসহ অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। পরে এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়।














