সন্দ্বীপে অস্ত্র ও সরঞ্জামসহ ২ কারিগর আটক

নির্বাচনে নাশকতার জন্য অস্ত্র সরবরাহ করছিল তারা : কোস্টগার্ড

সন্দ্বীপ প্রতিনিধি | শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:১৩ পূর্বাহ্ণ

সন্দ্বীপে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই কারিগরকে আটক করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ২ এর আওতায় গত বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার আমানউল্লাহ ইউনিয়নে এই বিশেষ অভিযান চালানো হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউলহক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ৩টার দিকে কোস্টগার্ড স্টেশন সন্দ্বীপ ও নৌবাহিনী যৌথভাবে আমানউল্লাহ ইউনিয়নের বেড়িবাঁধের ইটভাটা সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে সেখান থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ ঘটনাস্থল থেকে ২ জন অস্ত্র তৈরির কারিগরকে আটক করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন২০২৬ কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন নাশকতামূলক গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ করে আসছিল।

কোস্টগার্ড কর্মকর্তা সিয়ামউলহক আরো জানান, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত অস্ত্র, সরঞ্জাম ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবন্দর ভক্ষকের ভূমিকায় থাকায় কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ হচ্ছে না
পরবর্তী নিবন্ধজামায়াত ঘোষিত ইশতেহারের পক্ষে গণজাগরণ সৃষ্টি করুন