সন্দ্বীপের উন্নয়ন, আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয় নিয়ে এমপি মোস্তফা কামাল পাশার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল তিনটায় সন্দ্বীপের একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এমপি মোস্তফা কামাল পাশার কাছে সন্দ্বীপের আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে সমস্যা ও পরামর্শ উপস্থাপন করেন।
সভায় বিভিন্ন সমস্যা ও পরামর্শ নিয়ে বক্তব্য রাখেন সন্দ্বীপ থানার ওসি তদন্ত সুজন হাওলাদার, সন্দ্বীপ বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ, উপজেলা নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী নাজিম উদ্দীন, ফেরি কপোতাক্ষর মাস্টার শামছুল ইসলাম সাইফুল, সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সদস্য নুরুল মোস্তফা খোকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সিরাজুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা মতবিনিময় সভা আয়োজনের উদ্যোগ নেয়ার জন্য নবনির্বাচিত সংসদ সদস্যকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদের পর উপজেলা অডিটোরিয়ামেও এধরনের একটা সভার আয়োজন করা হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তফা কামাল পাশা বলেন, সবার সুন্দর মতামত ও পরামর্শ অনুযায়ী কাজ করলে সুন্দর ও নিরাপদ সন্দ্বীপ গঠন সহজ হবে। তিনি এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেন–প্রতিমাসে আইনশৃঙ্খলা মিটিংটা যেন ফলপ্রসূভাবে করা হয় সে ব্যাপারে উদ্যোগ নিন।
সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুরের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবুল হাসেম, উপজেলা মৎস্য কর্মকর্তা আতিক উল্যাহ, স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস, পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন দিদার, সদস্য সচিব আবুল বশার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মীর ঈসমাইল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, মনির তালুকদার, গাজী হানিফ, বিএনপি নেতা নাসির উদ্দীন, উপজেলা বিএনপির সদস্য শফিকুর রহমান, যুবদলের আহ্বায়ক নিঝুম খান, সদস্য সচিব আজিজ উদ্দিন, জামায়াতের প্রচার সম্পাদক শাহেদ খান, যুব জামায়াতের সভাপতি মাকসুদুর রহমান, ছাত্রদলের সদস্য সচিব শহীদুল ইসলাম প্রমুখ।











