সন্দ্বীপের উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ে এমপি কামাল পাশার ব্যতিক্রমী মতবিনিময়

ওমর ফয়সাল, সন্দ্বীপ | মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬ at ৬:২৬ পূর্বাহ্ণ

সন্দ্বীপের উন্নয়ন, আইনশৃঙ্খলা, মাদক নির্মূল করাসহ সার্বিক বিষয় নিয়ে চারবারের নির্বাচিত এমপি মোস্তফা কামাল কামাল পাশার ব্যতিক্রমী মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল তিনটায় সন্দ্বীপের স্থানীয় একটি রেস্টুরেন্টে সাংসদ মোস্তফা কামাল পাশার উদ্যোগে মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় সন্দ্বীপের আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সমস্যা ও পরামর্শ গুলো এমপি মোস্তফা কামাল পাশার সামনে উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় সন্দ্বীপ থানার ওসি তদন্ত সুজন হাওলাদার বলেন, মাদকের বিস্তার রোধ করতে হবে। তবে অন্যান্য এলাকার তুলনায় সন্দ্বীপের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।

সন্দ্বীপ বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, এখানে সবচেয়ে বড় সমস্যা হলো সবার পুল লাগবে। এ চাহিদা একসাথে সবার সম্পন্ন করা যায় না। এছাড়া বিদ্যুৎ টা আসে বাড়বকুণ্ড দিয়ে বাউরিয়ায়। যখন মেইনগ্রিডের সমস্যা হয় সেক্ষেত্রে বাউরিয়া সাব স্টেশন দ্রুত যাওয়া যায় না সড়কের বেহাল দশার কারণে। তাই বাউরিয়া থেকে গুপ্তছড়া বেড়িবাঁধ পর্যন্ত পাকাকরণ করতে হবে।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, শিবেরহাট ও ধোপারহাটে দুইতলা বিশিষ্ট কিচেন মার্কেট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া সন্দ্বীপের খাল গুলো খননের কাজ শীঘ্রই শুরু হবে।

সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী নাজিম উদ্দীন বলেন, সন্দ্বীপে সড়ক ও জনপদ বিভাগের অফিশিয়াল কোন অফিসসহ অবকাঠামো না থাকায় এখানে মেইনটেইন্স কাজের জন্য সীতাকুণ্ড থেকে আসতে হয় বিধায় যথাসময়ে অনেক কাজ করা যায়না। সন্দ্বীপের প্রধান সড়ক গুপ্তছড়া সড়কের বাজার পূর্সনগুলো ২৪ ফুট প্রসস্থ করা হয়। বাকী ৮ কিলোমিটার সড়ক আগের অবস্থায় শুধু রিপেয়ার করে দেয়া হয়। এ আট কিলোমিটারও প্রসস্থ না করলে পুরো সুবিধাটা জনসাধারণ পাবেনা।

ফেরি কপোতাক্ষর মাস্টার শামছুল ইসলাম সাইফুল সন্দ্বীপের গুপ্তছড়া প্রান্ত ড্রেজিং করে সারাবছর যাতে সহজে ফেরি ও স্টিমার জেটিতে ভিড়ানো যায় সে ব্যবস্থা করার অনুরোধ জানান।

নৌযাতায়াত ব্যবস্থা আরও সুগম করা দাবি জানান সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সদস্য নুরুল মোস্তফা খোকন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সিরাজুল ইসলাম ফিরোজ বলেন, থানার তত্ত্বাবধানে এলাকাভিত্তিক আইনশৃঙ্খলা কমিটি গঠনের উদ্যোগ নেয়া হোক। দক্ষিন সন্দ্বীপে সপ্তাহে প্রতিদিন ডাক্তার থাকেনা উল্লেখ করে তিনি বলেন এ অঞ্চলে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু করা হোক।

উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের বলেন, আমাদের অনেক সমস্যা আছে থাকবে। কিন্তু আইনশৃঙ্খলার পরিস্থিতি কে সর্বাধিক গুরুত্ব দিতে হবে, মাদককে নির্মূল করতে হবে।

মতবিনিময় সভায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, সন্দ্বীপ থানায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের তালিকা না থাকা হতাশাজনক। এসময় তিনি আরও বলেন আমাদের বিএনপি সরকারের আমলে আমরা কুমিরা-গুপ্তছড়া সড়ককে ডাবল লেইনে উন্নীত করবো। যাতে ফেরির গাড়ি গুলো সহজে যাতায়াত করতে পারে সন্দ্বীপের অভ্যন্তরে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা এরকম একটা ব্যতিক্রমী উদ্যোগ নেয়ার জন্য নবনির্বাচিত সাংসদকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদের পর উপজেলা অডিটোরিয়ামেও এধরণের একটা সভার আয়োজন করা হবে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তফা কামাল পাশা বলেন সবার সুন্দর মতামত ও পরামর্শ অনুযায়ী কাজ করলে সুন্দর ও নিরাপদ সন্দ্বীপ গঠনে সহজ হবে। তিনি এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেন প্রতিমাসে আইনশৃঙ্খলা মিটিংটা যেন ফলপ্রসুভাবে করা হয় তিনি যেন সে উদ্যোগ নেন।

সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সরকারি হাজী আবদুল বাতেন কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, উপজেলা মৎস্য কর্মকর্তা আতিক উল্যাহ, স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস, সন্দ্বীপ অফিসার্স ক্লাবের সেক্রেটারি আকতারুজ্জামান সুজন, ডা. ফজলুল করিম প্রমুখ।

এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোশাররফ হোসেন দিদার, সদস্য সচিব আবুল বশার জিএস, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মীর ঈসমাইল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, ইঞ্জিনিয়ার মনির তালুকদার, গাজী হানিফ, বিএনপি নেতা লায়ন নাসির উদ্দীন, যুবদলের আহবায়ক নিঝুম খান, সদস্য সচিব আজিজ উদ্দিন, জামায়াতের প্রচার সম্পাদক শাহেদ খান, যুব জামায়াতের সভাপতি মাকসুদুর রহমান, ছাত্রদলের সদস্য সচিব শহীদুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে ট্রাক চাপায় বাইক আরোহী নিহত
পরবর্তী নিবন্ধপাকিস্তানে ইরানপন্থি সহিংস বিক্ষোভের পর সেনা তলব, কারফিউ