সন্দীপ চক্রবর্তী হতে পারেন ঢাকায় ভারতের পরবর্তী হাই কমিশনার

| রবিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

এক যুগ আগে ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সন্দীপ চক্রবর্তীকে পরবর্তী হাই কমিশনার করে ফের বাংলাদেশে পাঠানোর আলোচনা চলছে বলে খবর দিয়েছে হিন্দুস্থান টাইমস। বিষয়টি সম্পর্কে জানেন এমন সূত্রের বরাত দিয়ে ভারতীয় পত্রিকাটি লিখেছে, দ্বিপক্ষীয় সম্পর্কে নজিরবিহীন টানাপোড়েনের মধ্যে নয়া দিল্লি যখন ঢাকার সঙ্গে সম্পর্কোন্নয়নের উদ্যোগ নিচ্ছে, তখনই এই সম্ভাবনার কথা সামনে এল। খবর বিডিনিউজের।

১৯৯৬ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেওয়া সন্দীপ চক্রবর্তী বর্তমানে ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব সামলাচ্ছেন। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশে ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস লিখেছে, গত বছরের শেষ দিকে ঢাকায় হাই কমিশনার পদের জন্য বিবেচনাধীন কূটনীতিকদের সংক্ষিপ্ত তালিকায় তার নাম ছিল।

পূর্ববর্তী নিবন্ধচিরসত্য ইতিহাসকে মুছে দিতেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক উপড়ে ফেলা হয়
পরবর্তী নিবন্ধদ্রুত নির্বাচনী পোস্টার অপসারণের নির্দেশ সাঈদ নোমানের