সন্ত্রাস বন্ধের আহ্বান ডাকসুর

| রবিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

সন্ত্রাসবাদের রাজনীতি’ থেকে বিএনপি নেতাকর্মীদের দূরে রাখতে তারেক রহমানের নির্দেশনা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। আর ভোটের পরে দেশকে ‘অস্থিতিশীল’ না করার জন্য তারা জামায়াতে ইসলামীর আমিরকে জানিয়েছেন ‘আন্তরিক ধন্যবাদ’। গতকাল শনিবার বিকালে ডাকসু ভবনের নিচে সংবাদ সম্মেলনে ভিপি আবু সাদিক কায়েম বলেন, ‘বিএনপির নেতাকর্মী যারা আছে, তাদেরকে আপনি (তারেক রহমান) স্পষ্ট নির্দেশনা দেন, এই সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে চলবে না, এই হুমকি দেওয়ার রাজনীতি বাংলাদেশে চলবে না।’ খবর বিডিনিউজের।

সাদিক কায়েম বলেন, ‘জুলাই বিপ্লব হয়েছে এই ‘ফ্যাসিবাদি’ কাঠামো ভেঙে দেওয়ার জন্য; ‘হাসিনাবাদী’ যে রাজনীতি, সেই রাজনীতি ভেঙে নতুন রাজনীতি বিনির্মাণ করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেই হাসিনার রাজনীতি, ‘ফ্যাসিবাদী আমলে’ যেমন দেখতে পেয়েছি, নির্বাচন পরবর্তী সহিংসতা, মারামারি এবং দেখে নেওয়ার হুমকি।’ এসব সহিংসতায় জড়িতদের ‘বিচারের আওতায়’ আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘যদি আপনারা ব্যর্থ হন, তাহলে আমরা আবার রাজপথে নামব।’

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে ‘আন্তরিক ধন্যবাদ’ জানান ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। কারণ হিসেবে তিনি বলেন, ‘নির্বাচনের পরে উনি চাইলে দেশকে অনেক অস্থিতিশীল করার কথা বলতে পারতেন। কিন্তু তিনি সারাদেশের নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন ও সদস্য রাইসুল ইসলাম উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে আগুনে পুড়ল ১০ বসতঘর
পরবর্তী নিবন্ধমামলাবাজ, হামলাবাজ ও সন্ত্রাসীদের জায়গা ফটিকছড়িতে হবে না