ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে গত ৮ জুন পাহাড়তলীস্থ হাজী ক্যাম্প ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসানের সভাপতিত্বে জেলা হতে আগত প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমামদের নিয়ে বিভাগীয় ইমাম সম্মেলনের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগীয় ইমাম সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা। বিশেষ অতিথি ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম। প্রধান অতিথি বলেন, জঙ্গিবাদ দূরীকরণে বর্তমান সরকার বিশ্বে মডেল হয়ে থাকবে। দেশের দুর্নীতি অনাচার, ইভটিজিং, যৌতুক, নারী নির্যাতনের বিরুদ্ধে দেশের মসজিদের ইমামদেরকে সোচ্চার হতে হবে। ইমামগণ সমাজের সর্বশ্রেণীর কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। তাদেরকে যথাযথ কাজে লাগালেই সমাজ থেকে যাবতীয় অপকর্ম দূর করা অনেকটা সহজ হবে। ফিল্ড সুপারভাইজার মো. জয়নাল আবেদিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, ইফা, চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ এনায়েত হোসাইন। ইফার পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসান বলেন, দেশের সর্বস্তরের আলেম ওলামা মসজিদের ইমামদের নিরাপদ ঠিকানা ইসলামিক ফাউন্ডেশন। শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।












