সদারঙ্গের শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান

| শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারিতে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের নিয়মিত আয়োজন দ্বিমাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান। লিপু দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, সদারঙ্গের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্ত্তী। বক্তব্য দেন, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী। শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের শুরুতে বাগেশ্রী রাগে তারানা শুনলাম কিশোরী শিল্পী অদ্বিতীয়া বড়ুয়ার কণ্ঠে। ত্রিতালে নিবদ্ধ এই পরিবেশনায় শিল্পী প্রথমে মধ্যলয় এরপর দ্রুত লয়ে তারানাটি পরিবেশন করলেন। সহযোগী ছিলেন তবলায় শিল্পী রাজিব চক্রবর্তী, হারমোনিয়ামে শিল্পী অর্পিতা দেবী দোলা এবং তানপুরায় শিল্পী মোহাম্মদ এনায়েত উল্লাহ সানি। এদিনের সর্বশেষ পরিবেশনা বাঁশি। শিল্পী মনীষা ধর পরিবেশন করেন রাগ মেঘ। বিলম্বিত ত্রিতাল, মধ্যলয় ত্রিতাল ও দ্রুত ত্রিতাল তালে। এরপর শিল্পী মিশ্র ভূপালী রাগে দ্রুত দাদরায় পল্লীসুরে একটি ধুন পরিবেশন করেন। এতে তবলায় সহযোগিতা করেন শিল্পী অমিত চৌধুরী দীপ্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমঞ্চস্থ হলো রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা
পরবর্তী নিবন্ধওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ