কর্ণফুলী নদীতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩৭ হাজার লিটার ডিজেলসহ একটি অয়েল ট্যাংকার জব্দ করা হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে নদীর সদর ঘাট এলাকায় নোঙর করা ওটি কোরবান আলী শাহ নামের ট্যাংকারটিতে তল্লাশি চালানোর পর অবৈধভাবে মজুতকৃত ৩৭ হাজার লিটার ডিজেল পাওয়া যায়। ঘটনার ব্যাপারে বন্দর থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে গতরাতে বন্দরের সচিব রেফায়েত হামিম জানান। তবে অভিযানকারীদের পক্ষ থেকে জ্বালানি তেলগুলো কার, জাহাজটির মালিক কে এসব তথ্য প্রকাশ করা হয়নি।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ফকিরহাট এলাকার চারজন ব্যবসায়ী মিলে জাহাজটি পরিচালনা করেন। তারাই তেলগুলো অবৈধ বাংকারিংয়ের জন্য মজুত করতে পারেন বলেও তারা মন্তব্য করেছেন।













